শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেফাইল ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. ইয়াসিন (৩৫)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসাইন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় ৩৪ ঘণ্টা পর তিনি মারা যান।

এর আগে গত বুধবার রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় সাহিদ সুপার ভিউ ভবনের সামনে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপর আগুনের স্ফুলিঙ্গ আশপাশের ভবন ও সড়কে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা চারজন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন ইয়াসিন, জাকির হোসেন, রকিবুল ইসলাম এবং অপর একজনের নাম জানা যায়নি। গুরুতর অবস্থায় তাঁদের মধ্যে তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ইয়াসিনের অবস্থা গুরুতর ছিল।

আরও পড়ুন

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গতকাল রাতে হাসপাতাল থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।