৮১ শতাংশ নালা উন্মুক্ত

নগর এলাকায় নালা-নর্দমা আছে ১ হাজার ৫৭০ কিলোমিটার। এর মধ্যে ১ হাজার ২৭০ কিলোমিটারই উন্মুক্ত। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের অধিকাংশ নালা-নর্দমা উন্মুক্ত অবস্থায় আছে। গত রোববার সকাল সাড়ে নয়টায় নগরের কালীবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন এলাকায় নালা-নর্দমা আছে ১ হাজার ৫৭০ কিলোমিটার। এর মধ্যে ১ হাজার ২৭০ কিলোমিটারই উন্মুক্ত। অর্থাৎ উন্মুক্ত অবস্থায় আছে ৮১ শতাংশ নালা-নর্দমা। সে হিসাবে নগরে মাত্র ৩০০ কিলোমিটার নালা-নর্দমায় ঢাকনা আছে। অধিকাংশ এলাকায় নালা-নর্দমা ঢাকনাবিহীন থাকায় নগরবাসীর প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নগরের বাসিন্দারা জানান, সিটি করপোরেশনের হিসাবে প্রায় ১৯ শতাংশ নালা-নর্দমায় ঢাকনা আছে। বাকি ৮১ শতাংশ নালা-নর্দমা উন্মুক্ত থাকায় ভোগান্তির শেষ নেই নগরবাসীর। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের অন্ধকারে কিংবা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে নর্দমা ও মূল রাস্তা ঠাহর করতে খুবই সমস্যা হয়। এতে প্রায় সময়ই নর্দমায় পড়ে পথচারী বা রিকশাসহ যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নগরের কালীবাড়ি, ব্রাহ্মণশাসন ও ধোপাদিঘিরপাড় এলাকার মূল সড়কের পাশের বিভিন্ন নালা-নর্দমায় ঢাকনা নেই। এসব উন্মুক্ত নালা ঘেঁষেই মূল সড়কটি সমান্তরাল চলে গেছে। এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। একটু অসাবধান হলেই নালা-নর্দমায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে। ধোপাদিঘিরপাড় এলাকার একজন বাসিন্দা বলেন, সড়কের পাশের নর্দমা উন্মুক্ত থাকায় প্রায়ই পথচারীরা অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হন। অনেক সময় রিকশাও নর্দমায় পড়ে যায়।

কালীবাড়ি এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, পাড়া-মহল্লার নর্দমায় ঢাকনা না থাকায় শিশুরা খেলাধুলা করতে গিয়ে প্রায়ই নর্দমায় পড়ে আহত হয়। ঢাকনা না থাকায় মশার উপদ্রব সারা বছর লেগেই থাকে। নগরের বেশির ভাগ নালা-নর্দমা উন্মুক্ত থাকলেও সেখানে ঢাকনা বসাতে উদ্যোগ নেই।

সিটি করপোরেশন সূত্র জানা যায়, পুরোনো ও নতুন মিলিয়ে সিলেট সিটি করপোরেশনে এখন ৩৯টি ওয়ার্ড আছে। এর আগে ২৭টি ওয়ার্ড ছিল। গত বছরের ৩১ আগস্ট প্রকাশিত গেজেটের বিজ্ঞপ্তি অনুযায়ী, সদর উপজেলার চারটি ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি মৌজা সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করে সিলেট সিটি করপোরেশনকে সম্প্রসারণ করা হয়।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, পুরোনো ২৭টি ওয়ার্ডে ৯৭০ কিলোমিটার নালা-নর্দমা আছে। এর মধ্যে পাকা ৫২০ কিলোমিটার ও কাঁচা ৪৫০ কিলোমিটার। কাঁচা নর্দমার পুরোটাই উন্মুক্ত এবং পাকা নর্দমার ২২০ কিলোমিটার ঢাকনাবিহীন। এ ছাড়া নতুনভাবে বর্ধিত ১২টি ওয়ার্ডে ৬০০ কিলোমিটার নালা-নর্দমা আছে। এর মধ্যে পাকা হচ্ছে ১০০ কিলোমিটার। তবে নতুন বর্ধিত ওয়ার্ডের নালা-নর্দমাতে কোনো ঢাকনা নেই।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিবছর ধারাবাহিকভাবে উন্মুক্ত নালা-নর্দমায় ঢাকনা নির্মাণের কাজ করা হচ্ছে। চলতি বছরও ৫২৭ কোটি টাকা ব্যয়ে ৩২৭ কিলোমিটার নালা-নর্দমা পাকাকরণ ও ঢাকনা বসানোর কাজ চলছে। তবে যেহেতু সিটি করপোরেশনের সীমানায় নতুনভাবে ১২টি ওয়ার্ড কিছুদিন আগে যুক্ত হয়েছে, তাই সেখানকার নর্দমা পাকাকরণ ও ঢাকনা বসানোর জন্য কোনো প্রকল্প এখনো নেওয়া হয়নি। তবে শিগগিরই বর্ধিত এলাকায়ও কাজ শুরু হবে।

নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৌমিত্র সিংহ দাশ বলেন, সিটি করপোরেশন এলাকায় অধিকাংশ নালা-নর্দমা উন্মুক্ত থাকার বিষয়টি সত্যিই বিস্ময়কর। সমস্যাটির দিকে যদি যথাযথ মনোযোগ থাকত, তবে এত দিনে এর অনেকটাই বিহিত করা যেত। দুর্ভাগ্যজনকভাবে সিটি করপোরেশন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। একটি নগরের প্রায় সব নালা-নর্দমা উন্মুক্ত থাকার বিষয়টি এখানকার নাগরিক সুযোগ-সুবিধা কোন পর্যায়ে রয়েছে, তা বোঝা যাচ্ছে।