সামনে নির্বাচন, আমরা কর্মসূচি পালনে কাউকে বাধা দিচ্ছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সামনে নির্বাচন আসছে। যে যাঁর মতো কর্মসূচি পালন করছেন। কাউকে বাধা দিচ্ছি না। কারণ, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা, আওয়ামী লীগ বিশ্বাস করে না। সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছেন। তাঁরা আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে চান।’

আজ শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, স্যাটেলাইটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১০ বছর পর নতুন প্রজন্মকে জাদুঘরে নিয়ে দেখাতে হবে যে আমাদের চরম দারিদ্র্য কেমন ছিল।’

জনগণের ভোট পেয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির মাঠ সবার জন্য উন্মুক্ত বলেই সব দল সভা–সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ বিশ্বাস করে না ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার, পেশিশক্তি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার। আওয়ামী লীগ সব সময়ই বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

যশোর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চারতলাবিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোরের সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, মো. নাসির উদ্দিন, রনজিত কুমার রায়, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপারের কার্যালয় ভবন উদ্বোধন শেষে বিকেলে বেনাপোল স্থলবন্দরে ই–গেট (ইলেকট্রনিক ফটক) সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ই–গেট উদ্বোধনের পরে বেনাপোল বল্ডফিল্ড মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।