মাছ ধরার সময় হঠাৎ ট্রলারে বজ্রপাত, দুই জেলের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মায়ারচর–সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ইমন খান (বাঁয়ে) ও সাকিব সিকদার নামের দুই জেলের মৃত্যু হয়েছেছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মায়ারচর–সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

ওই দুই জেলে হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের ইমন খান (২২) ও সাকিব সিকদার (২৩)। আহত তিনজন হলেন ট্রলারের মালিক ও ইমনের বড় ভাই সুমন খান (৩০), তাঁদের সহকর্মী নিপুন হাওলাদার (১৮) ও নিবিড় খান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পাঁচ জেলে ওই এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। পরে কাছাকাছি মাছ ধরতে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমন খান ও সাকিব সিকদারকে মৃত ঘোষণা করেন।

ইমন খানের চাচা সবুজ খান বলেন, তাঁরা কাছাকাছি এলাকায় মাছ ধরছিলেন। হঠাৎ তাঁর ভাতিজা সুমনের ট্রলারে বজ্রপাত হয়। পরে আহত জেলেদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
নাজমুল হাসান, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

আহত তিন জেলেকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম। তাঁরা বর্তমানে সুস্থ আছেন।

হতাহতের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।