চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত ২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা শঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মারছা পরিবহনের দ্রুতগতির বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। অন্যটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। লোহাগাড়ার চুনতি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। অন্য বাসটি মহাসড়কের পশ্চিম পাশে থাকা একটি দোকানে ঢুকে যায়। এ সময় মালামালের ক্ষতি হলেও দোকানের ভেতরে থাকা কেউ হতাহত হননি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করি। এ ছাড়া ছয়জনকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘আরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাঁদের বাসিন্দারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।’
লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে মৃত্যু হওয়া যাত্রী একজন নারী। তাঁর আনুমানিক বয়স ৬৬ বছর। হাসপাতালে মৃত্যু হওয়া যাত্রী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।’ তিনি আরও জানান, দুর্ঘটনায় ২০–২৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।