নড়াইলে বাবাকে কুপিয়ে জখমের তিন মাস পর মেয়েকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

তিন মাস আগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বাবা। এবার নামযজ্ঞের মেলায় যাওয়া কলেজপড়ুয়া মেয়েকেও পেছন থেকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলায়। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপ এলাকায় ওই শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীর নাম পূর্বা সোম (২১)। তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার পরিতোষ সোমের মেয়ে। পূর্বা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপে তিন দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ওই অনুষ্ঠানে যান পূর্বা। অনুষ্ঠানের শেষ দিকে বাড়ি ফেরার আগে মন্দির প্রাঙ্গণে একটি দোকানে পান কিনতে দাঁড়ান তিনি। এ সময় ভিড়ের মধ্যে পূর্বার কোমরে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।

মাস তিনেক আগে পূর্বার বাবা পরিতোষ সোমকেও শহরের মিতালি সংঘের সামনে ছুরিকাঘাত করা হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘গতকাল রাতে একটা ছেলে দৌড়ে এসে আমার মেয়েকে ছুরি মেরে বাগানের ভেতর পালিয়ে যায়। এর আগে একদিন মিতালি সংঘের সামনে দিয়ে রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত তিনটা ছেলে এসে অতর্কিতভাবে আমাকে কুপিয়েছিল। এসব ঘটনার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারও সঙ্গে শত্রুতাও নেই। আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে দাবি, এ ঘটনায় জড়িতদের যেন আইনের আওতায় আনা হয়।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’