দুটি লজ্জাবতী বানর ও একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার, চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উদ্ধার হওয়া লক্ষ্মী প্যাঁচা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি লজ্জাবতী বানর ও একটি লক্ষ্মী প্যাঁচাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে গ্রেপ্তার চার যুবকের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ শুক্রবার দুপুরে উপজেলার বার আউলিয়া কলেজের সামনে থেকে পাচারকারীদের গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত চারজন হলেন বান্দরবানের আলীকদম উপজেলার মোবারক হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৭) ও মহি উদ্দিন (২৪) এবং খুলনার সোনাডাঙ্গা উপজেলার আজাহার সিকদার (৪২)।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানর ও লক্ষ্মীপ্যাঁচা বান্দরবানের আলীকদমের পাহাড়ি বন থেকে সংগ্রহ করা হয়। পরে খাঁচায় ভরে দুটি মোটরসাইকেলে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন চার পাচারকারী। পরে সেখান থেকে প্যাঁচা এবং লজ্জাবতী বানর দুটি ঢাকায় পাঠানোর কথা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চার পাচারকারীকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। গ্রেপ্তার প্রত্যককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বন বিভাগের চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘লজ্জাবতী বানর বিপন্ন প্রাণী। লক্ষ্মীপ্যাঁচা বাংলাদেশে সচরাচর পাওয়া গেলেও যে হারে এটি পাচার হচ্ছে, খুব শিগগিরই এটিও অস্তিত্ব সংকটে পড়বে। উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক অথবা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।’