পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর মিলল বন্ধুর খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বন্ধুর একজন ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের হারুন অর রশিদ
ছবি: প্রথম আলো

দুজনেই বাংলাদেশি। একজনের বাড়ি ফরিদপুর, অপরজনের বাড়ি চট্টগ্রামে। কাজের সুবাদে জার্মানির ডর্টমুন্ড শহরে তাঁদের দেখা ও পরিচয়। সেই থেকে বন্ধুত্ব। ঘটনাটি ১৯৮৬-৮৭ সালের দিকের। এরপর ফরিদপুরের বন্ধু হারুন অর রশিদ চলে আসেন দেশে, অপরজন মহিরুদ্দিন পাড়ি জমান কানাডায়।

এরপর কেটে গেছে দীর্ঘ ৩৭টি বছর। কিন্তু মহিরুদ্দিন ভুলতে পারেননি তাঁর বন্ধু হারুনকে। হারুন ভুলতে পারেননি মহিরুদ্দিনকে। প্রাণের তাগিদে ৩৭ বছর ধরে দুজন দুজনকে খুঁজে গেছেন, কিন্তু কোনো বন্ধুর কাছে পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় খোঁজ মেলেনি।

সম্প্রতি কানাডাপ্রবাসী মহিরুদ্দিনের বন্ধু গোপালগঞ্জের শওকত আলী দেশে আসেন। তিনি দেশে আসার আগে মহিরুদ্দিন তাঁর বন্ধু হারুনের সন্ধান নেওয়ার কথা বলে দিয়েছিলেন শওকতকে। দেশে এসে মহিরুদ্দিনের আকুতির কথা ভুলে যাননি শওকত আলী (৬০)।

শওকত দেশে এসে মধুখালী ঘুরেও গেছেন। একটি নাম দিয়ে একটি উপজেলায় একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া তো আর সহজ কথা নয়। তাই মধুখালী এসে ঘুরে গেলেও প্রথম দফায় খোঁজ পাননি শওকত। তবে বন্ধু হারুনের জন্য মহিরুদ্দিনের আকুতি তাঁর অন্তরে গেঁথে গিয়েছিল। শওকত কোনো কূলকিনারা করতে পারেননি। গত ১৯ অক্টোবর শওকত দেশে এসেছেন। ফিরে যেতে হবে আজ ৬ মার্চ। সময়ও ঘনিয়ে আসছে। কানাডায় গিয়ে মহিরুদ্দিনকে তাঁর বন্ধু সম্পর্কে কী তথ্য দেবেন! এমন নানা কথা ভেবে একটি দৈনিক পত্রিকায় তিনি একটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেওয়া হয় কানাডাপ্রবাসী মহিরুদ্দিনের নামেই।

৩ মার্চ ইত্তেফাক পত্রিকার চারের পাতায় বিজ্ঞাপনটি ছাপা হয় ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে। ওই বিজ্ঞাপনে লেখা ছিল, ‘আমি মহিরুদ্দিন ১৯৮৬/৮৭ সালে জার্মানির ডর্টমুন্ড শহরে অবস্থানকালে হারুনুর রশিদ/শেখ রশিদ নামে একজন সেখানে ছিলেন। যথাসম্ভব তাঁর বাড়ি ফরিদপুরের মধুখালী। ওই সময়ের পর থেকে অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তোমাকে দেখার খুব ইচ্ছে। তাই ফোন নম্বর ০১৭৩৪৩০৬৭৮৬-তে যোগাযোগ করলে বা কেউ সন্ধান দিলে খুব খুশি হব। সন্ধানপ্রার্থী—মহিরুদ্দিন।’

শওকতের ভাতিজা ওমর ফারুক বলেন, কানাডাতে চাচা শওকত ও মহিরুদ্দিন এক শহরে থাকেন। তাঁদের মধ্যে বন্ধুত্ব আছে। চাচা দেশে আসার সময় মহিরুদ্দিন বারবার তাঁর বন্ধু মধুখালীর হারুন অর রশিদের সন্ধান নিতে বলে দেন। তাঁরা মধুখালীতে এসেও এ ব্যাপারে কোনো সুবিধা করতে না পেরে অবশেষে মহিরুদ্দিনের নামে ওই বিজ্ঞাপন দিয়েছিলেন পত্রিকায়।

এ বিজ্ঞাপন প্রকাশের পর খোঁজ মেলে হারুন অর রশিদের (৬১)। সোমবার ভোরের ফ্লাইটে চাচা কানাডার উদ্দেশে রওনা হয়ে গেছেন। অবশ্য হারুন অর রশিদের সন্ধান পাওয়ার পর গতকাল রোববার দুপুরে শওকত মধুখালীর কামালদিয়া গ্রামে গিয়ে হারুনকে দেখে গেছেন, ওই বাড়িতে থেকেই হারুনের সঙ্গে মহিরুদ্দিনের ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছেন।

মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে শেখ রশিদ, এলাকায় তিনি হারেজ নামে পরিচিত। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। এক ছেলে ও এক মেয়ের বাবা হারুন। ছেলে পুলিশে চাকরি করেন, মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী মনজিলা বেগম থাকেন। হারুনের ভাষায়, ‘মেয়ের বিয়া দিছি। ছোয়াল চাকরির জন্য ঢাকায়। বাড়িতে থাকি আমরা দুই বুড়া আর বুড়ি।’

আজ সকালে মুঠোফোন কথা হয় হারুনের সঙ্গে। তিনি বলেন, ১৯৮১ সালে তিনি যুক্তরাজ্য হয়ে জার্মানি যান। তিনি জার্মানির ডর্টমুন্ড শহরে থাকতেন দোতলা বাড়ির একটি কক্ষে। ১৯৮৬-৮৭ সালে তাঁর সঙ্গে থাকতেন মহিরুদ্দিন। তাঁরা দুজনে একই কোম্পানিতে চাকরি করতেন। চাকরির অবসরে ঘুরে বেড়াতেন। এ নিয়ে স্মৃতির শেষ নেই। প্রায় দেড় বছর তাঁরা একসঙ্গে থেকেছেন। পরে পাসপোর্ট জটিলতার কারণে পুলিশি ঝামেলায় পড়ে ১৯৮৭ সালের শেষের দিকে জার্মানি থেকে দেশে চলে আসেন তিনি। দেশে আসার পর তিনি মহিরুদ্দিনকে চিঠি লিখেছেন, তবে কোনো উত্তর আসেনি। সেই থেকে মনে মনে বন্ধুকে খুঁজতেন তিনি।

যেভাবে মেলে সন্ধান

৩ মার্চ ইত্তেফাকে ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে বিজ্ঞাপনটি ছাপা হওয়ার পর নজরে আসে হারুনের ভাতিজা মধুখালীর কামালদিয়া গ্রামের বাসিন্দা ও জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মহিদুল ইসলামের। তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি পড়ে জানতে পারি, মহিরুদ্দিন যে ব্যক্তিকে খুঁজছেন, সেই ব্যক্তি আমার চাচা। পরে বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে কথা বলে কানাডা থেকে আসা মহিরুদ্দিনের বন্ধু শওকত আলীর সঙ্গে কথা হয়। তাঁর কাছ থেকে মহিরুদ্দিনের ফোন নম্বর সংগ্রহ করি। ৪ মার্চ চাচা যখন মহিরুদ্দিনকে ফোন দেন, তখন কানাডায় সময় রাত চারটা। ওই সময় বেশি কথা হয়নি। পরে মহিরুদ্দিনই ফোন দেন। দুই বন্ধুর অনেক কথা হয়।’

কী কথা বন্ধুর সঙ্গে

হারুন অর রশিদ বলেন, ‘দুই বন্ধুর কি আর কথার শেষ আছে! হোয়াটসঅ্যাপে দেখেই আমার পরস্পরকে চিনে ফেলি। যখন শেষবার দেখা হয়েছিল, তখন আমরা ২৫ বছরের টগবগে তরুণ, অবিবাহিত, পিছুটান নেই। আজ ৩৭ বছর পর দুজনেরই বয়স হয়েছে। একে অপরকে দেখে কত যে হাসাহাসি করলাম আমরা দুজন! “বুইড়া হইয়া গেছিস” বলে সম্বোধন করে ভিডিও কলে কথা বলি।’

মহিরুদ্দিন জার্মানি থেকে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের নানা দেশ ঘুরে স্থায়ী বসতি করেছেন কানাডায়। মাঝেমধ্যে দেশে এসেছেন, আমাকে খুঁজেছেন, কিন্তু খোঁজ পায়নি। মহিরুদ্দিনও বিয়ে করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

কবে হবে দুই বন্ধুর দেখা

৩৭ বছর পর দুই বন্ধু নিজেদের খুঁজে পেলেও সামনাসামনি দেখা কখন হবে, সেই অপেক্ষায় আছেন তাঁরা। হারুন অর রশিদ বলেন, ‘বন্ধু জানিয়েছেন চলতি বছর তাঁর হজ করার ইচ্ছা আছে। তখন বাংলাদেশ ঘুরে যাবেন। সেই হিসাবে জুলাই মাসে দেখা হতে পারে আমাদের।’ দেখা হলে কী করবেন—জিজ্ঞাসা করতেই বলেন, ‘প্রথম দেখাতেই আমরা জড়িয়ে ধরব, আলিঙ্গন করব, পুরোনো দিনগুলোর গল্প করব।’