রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তি–ইচ্ছুক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। ওই দিন সি ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষায় জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে চার স্তরে কাজ করবে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুস্তি নেওয়া হয়েছে।
এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হেল্পডেক্স, বিএনসিসি ও রোভার স্কাউটে সদস্যরা কাজ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, পরীক্ষা চলাকালে অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি ওয়াটারপ্রুফ তাঁবু স্থাপন করা হয়েছে। প্রতিটি তাঁবুতে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ভর্তি–ইচ্ছুক ও তাঁদের অভিভাবকেরা নগরীতে আসতে শুরু করেছেন। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে নারী অভিভাবকদের।
ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র পরিচালিত একটি মেডিকেল দল কাজ করবে। কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই সদস্যের একটি মেডিকেল দল এবং ছয়টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা প্রস্তুত থাকবে।
রোববার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তি–ইচ্ছুকরা। তাঁদের অনেককে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উঠতে দেখা গেছে। অন্তত ২০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে যথাসময়ে বাস-ট্রেনের টিকিট পাননি। এ কারণে ভর্তি পরীক্ষার আগেই ক্যাম্পাসে এসে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে। তিনি গাজীপুর থেকে রোববার সকালে মেয়েকে নিয়ে রাজশাহী এসেছেন। ওই অভিভাবক বলেন, ‘ট্রেনের টিকিট পাইনি। পরে যদি বাসের টিকিটও না পাই, এ জন্য আগেভাগেই চলে আসছি। বিকেলে বের হয়েছি ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে। ভালোই লাগছে।’
সাব্বির হোসেন নামের এক ভর্তি–ইচ্ছুক প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম রাজশাহী এলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই ক্যাম্পাস অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। ক্যাম্পাস ঘুরতে দারুণ লাগছে। এখানে ভর্তি হতে পারলে ভালোই হবে।’
এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (২৯ মে) সি ইউনিটের, মঙ্গলবার (৩০ মে) এ ইউনিটের (মানবিক) এবং বুধবার (৩১ মে) বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে ৭২ হাজার ৬৫ জন, বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং সি ইউনিটে ৭৫ হাজার ৮৫১ পরীক্ষার্থী আবেদন করেছেন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬টি।