রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও
ঘটনার পর এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার। পুলিশ পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পুরোনো একটি ভিডিও ফেসবুকে নতুন করে ছড়িয়ে দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের তিন ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সংসদ সদস্যও একই কথা বলেছেন।
পুলিশ এরই মধ্যে পুরোনো ভিডিও ছড়ানোয় জড়িত দুজনকে শনাক্ত করার কথা জানিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি পাহারা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
গত সোমবার সন্ধ্যায় পীরগঞ্জে উপজেলার চককরিম কাশিমপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করার পর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ধর্ম অবমাননার অভিযোগের ঘটনাটি অনেক আগের। গাজীপুরে এক তরুণের বক্তব্যের ভিডিও তখন ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিও এখন আবার ফেসবুকে পোস্ট করা হলে ক্ষুব্ধ লোকজন তরুণের বাড়ির আশপাশে জড়ো হন। এরপর সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা ঘরের টেলিভিশন, ফ্রিজ ও আসবাব ভাঙচুর করেন এবং তিনটি ছাগল নিয়ে যান। ঘরে রাখা ১০ হাজার টাকাও নিয়ে গেছেন বলে তিনি শুনেছেন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল আমিন বলেন, কেউ অপরাধ করলে আইনে শাস্তির সুযোগ আছে। আইন নিজের হাতে কেউ তুলে নিতে পারে না। ভবিষ্যতে যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
লাঠি–ছোরা হাতে বাড়িতে ঢুকেই ভাঙচুর
পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে চককরিম কাশিমপুর গ্রাম অবস্থিত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গ্রামটিতে যান প্রথম আলোর এই প্রতিবেদক। দেখা যায়, গ্রামের প্রবেশমুখে সড়কের পাশে চেয়ারে বসে আছেন কয়েকজন পুলিশ সদস্য। সেখান থেকে কিছুটা এগোলে একই চত্বরে ভুক্তভোগী তিন ভাইয়ের বাড়ি।
আমার ছেলে অপরাধ করলে তার শাস্তি হোক, আমিও চাই। কিন্তু বাড়িতে হামলা করে ভাঙচুর করল কেন?
ভুক্তভোগী তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে তরুণের (২২) বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে, তিনি গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে থাকার সময় এক বন্ধুর সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও পাঁচ–ছয় মাস আগে ছড়িয়ে পড়েছিল। দুই বন্ধুর কথোপকথনের ওই ভিডিওতে ধর্ম অবমাননামূলক মন্তব্য ছিল বলে তখন অভিযোগ ওঠে। সে সময় বিষয়টি নিয়ে গাজীপুরের ওই এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়। মাস তিনেক আগে ওই তরুণ গ্রামের বাড়ি চলে আসেন। সম্প্রতি সেই ভিডিও থেকে কেবল তাঁর বক্তব্যের অংশটি নতুন করে ছড়িয়ে দেওয়া হয়। এর জের ধরেই তিনটি বাড়িতে হামলা চালানো হয়।
‘রাতে ভয়ে ঘুমাতে পারি না’
চককরিম কাশিমপুর গ্রামে ৪৮ হিন্দু পরিবারের বসবাস। লোকসংখ্যা দুই শতাধিক। ঘটনার পর থেকে গ্রামের সবার আতঙ্কে দিন কাটছে।
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণের মা বলেন, গাজীপুরের ঘটনার পর তাঁর ছেলে গ্রামের বাড়িতে ফিরে এলে তাঁর বাবা রাগারাগি ও মারধর করেন। এতে অভিমান করে প্রায় তিন মাস আগে ছেলে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। তিনি অভিযোগ করেন, সোমবার সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে তাঁর ছেলের খোঁজ করেন। দুপুরে আবার এসে তাঁরা ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন, তা জানাতে বলেন। এরপর সন্ধ্যায় বাড়িতে হামলা চালানো হয়।
হামলার শিকার হওয়া এই মা বলেন, ‘আমার ছেলে অপরাধ করলে তার শাস্তি হোক, আমিও চাই। কিন্তু বাড়িতে হামলা করে ভাঙচুর করল কেন?’
চককরিম কাশিমপুর গ্রামে ৪৮ হিন্দু পরিবারের বসবাস। লোকসংখ্যা দুই শতাধিক। ঘটনার পর থেকে গ্রামের সবার আতঙ্কে দিন কাটছে।
ভুক্তভোগী পরিবারের আরেক নারী বলেন, ‘রাতে ভয়ে ঘুমাতে পারি না। কখন আবার এসে হামলা করে, সেই আতঙ্কে সারা রাত ঘরের ভেতরে আর বাইরে যাই-আসি।’
ভুক্তভোগী পরিবারের এক প্রতিবেশী বলেন, ঘটনার পর থেকে গ্রামের মানুষ আতঙ্কে আছেন। তাঁর অভিযোগ, গতকাল দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেলে এসে হুমকি দিয়ে বলেছেন, ‘আইজ পুলিশ আগরি, কাইল কোনটে যাইমেন (আজ পুলিশ পাহারায়, কাল কোথায় যাবেন)?’
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, তাঁরা ১২ জন পুলিশ সদস্য সেখানে পাহারায় রয়েছেন। কেউ হুমকি দিয়েছেন, এমন তথ্য তাঁর জানা নেই। আপাতত সেখানে কোনো সমস্যা দেখছেন না।
ভিডিও ছড়ানো দুজনকে শনাক্ত
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ধর্মকে কটাক্ষ করে তৈরি করা একটি পুরোনো ভিডিও এলাকার দুজনসহ কয়েকজন নতুন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় উত্তেজনা ছড়ায়। এরপর তিন ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ভিডিও ছড়ানো দুজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেউ অপরাধ করলে আইনে শাস্তির সুযোগ আছে। আইন নিজের হাতে কেউ তুলে নিতে পারে না। ভবিষ্যতে যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে হামলার ঘটনার পর ধর্ম অবমাননার অভিযোগে একটি এবং হামলা–ভাঙচুরের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে পৃথক মামলা হয়েছে। ধর্ম অবমাননার মামলায় একমাত্র আসামিকে ওই দিন রাতেই পুলিশ বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হামলা–ভাঙচুরের মামলায় পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, পুরোনো ভিডিও নতুন করে ফেসবুকে প্রচারের পর হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন।