‘গাঙ্গের ভিতারে সব গেছে, সাহায্য লইয়া কেউ আহে নাই’
দুপুর ১২টার দিকে নদীর পাড়ে বসে আছেন দেলোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। একবুক হাহাকার নিয়ে চেয়ে আছেন নদীর দিকে। কিছুক্ষণ পর দেলোয়ারা বেগম চোখ পড়ল সদ্য লাগানো পুঁইগাছের দিকে। পুঁইগাছটি তিনি বারবার ছুঁয়ে দেখছেন।
বাড়িঘরের কথা জিজ্ঞাসা করতেই দেলোয়ারা বেগম বলে উঠলেন, ‘গাঙ্গের (নদী) ভিতারে সব গেছেগিয়া। জায়গাজমিন এহন আর কিচ্ছু নাই। কষ্টে দিন কাইটা গেলেও সরকারের থিকা সাহায্য লইয়া কেউ আহে নাই।’ ভাঙাগড়ার মধ্যেই দেলোয়ারার জীবন। এখন পুঁইশাকের গাছটিই যেন তাঁর সম্বল। দেলোয়ারা বলেন, ‘পুঁইহাকের গাছটা তিন দিন ধইরা লাগাছি। এই গাঙ্গের পাড়ে আরও মেলা হাকপাতার গাছ ছিল মোর। এহন কিচ্ছু নাই। এ বছরকা ভাঙতে ভাঙতে সব হাকপাতার গাছ গাঙ্গে লইলা গেছে। দেহি, এই পুঁইহাকের গাছটা কয় দিন থাহে।’
মাদারীপুরের কালকিনি উপজেলার চর সাহেবরামপুর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে দেলোয়ারা ও তাঁর স্বামী কালাম সরদার থাকেন। সম্প্রতি আড়িয়াল খাঁ নদের ভাঙনে তাঁদের বাড়ি বিলীন হয়ে গেছে। এরপর গ্রামীণ সড়কের পাশে সরকারি জমিতে ঘর তুলে বসবাস করছেন। তাঁদের তিন ছেলের বিয়ে হয়েছে। সবাই আলাদা ঘর করে একই এলাকায় পরিবার নিয়ে থাকেন।
দেলোয়ারার মতো একই অবস্থা বৃদ্ধ জয়নাল সরদারের। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাতবার নদীতে আমাগো বাড়িঘর ভাইঙ্গা নিছে। ভাঙ্গন দেখতে দেখতে বুড়া হইছি। হুনছি, সরকার থিকা খাওন পাঠাইবে। কিন্তু হেইও আহে না। আবার হুনি ঘর দিবে, টিন দিবে, তা–ও আহে না। পোলারা মাছ ধইরা যা পায়, তা দিয়াই কোনোরহমে সংসার চলে।’
কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট ও নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পানি কমতে থাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই মাসে লঞ্চঘাট এলাকার শতাধিক বসতঘর, একটি সড়কের ৫০০ মিটার অংশ নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে রয়েছে লঞ্চঘাট এলাকার শতাধিক পরিবার। এ ছাড়া নতুন আন্ডারচর এলাকার বঙ্গবন্ধু কলেজ, প্রাথমিক বিদ্যালয়, নবারুণ উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
লঞ্চঘাট এলাকার গিয়ার উদ্দিন সরদার (৮০) বলেন, ‘আমাগো ঘরবাড়ি ছিল নদী থিকা এক কিলোমিটার দূরে বরিশালের ভেতরে। নদী ভাঙতে ভাঙতে এহন কালকিনির ভেতর আইসা পড়ছি। তিনবার নদীতে আমার ঘর ভাঙছে। এ বছর নদীতে ঘর ভাঙার পরে সরকারি জায়গায় তাঁবু আর খড়ির বেড়া দিয়া থাহি। নদীতে ঘর ভাঙলে কিছুই থাহে না। না খাইয়া থাহা লাগে। এই কষ্ট কারে কমু, কে বুঝবো?’
লঞ্চঘাট ও চর সাহেবরামপুর এলাকা ঘুরে দেখা যায়, আড়িয়াল খাঁ নদের পানি কমতে থাকায় নদীর পাড় ভেঙে পড়ছে। ভাঙনকবলিত এলাকার মুখেই রয়েছে ফসলি জমি, অসংখ্য বসতঘর, স্থাপনাসহ একটি বাজার। লঞ্চঘাটের সংযোগ সড়কটি ৫০০ মিটার অংশ নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় নদের পাড়ে বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন রোধে নদের পাড়ের বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হয়েছে। তবে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না।
লঞ্চঘাট এলাকার চায়ের দোকানদার মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভাঙন দেহা দিলেই কিছু বালুর বস্তা ফেলা শুরু হয়। নদীর স্রোতের সঙ্গে এই বালুর বস্তারও কোনো হিসাব থাহে না। তাই ভাঙন কমতাছে না। এহানে প্রতিবছরই ভাঙতে থাকে। শীতকালে নদীর পাড়ে বালুর বস্তা ফেলা হলে ভাঙন কম হইতো।’
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড মাদারীপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, আড়িয়াল খাঁ নদের দেড় কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। তবে আপাতত ভাঙনের তীব্রতা নেই। ভাঙন রোধে ৮০ মিটার অংশে ডাম্পিংয়ের কাজ চলছে। এই ৮০ মিটার অংশে ৭ হাজার ৮০২টি জিও ব্যাগ ফেলা হবে। ইতিমধ্যে ৪ হাজার ১০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। নতুন করে আর ভাঙন হবে না বলে আশা করা হচ্ছে।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা প্রথম আলোকে বলেন, লঞ্চঘাট এলাকায় ভাঙনকবলিত ৫৯ জনের তালিকা করে পাঠানো হয়েছে। শিগগিরই তাঁদের সহযোগিতা করা হবে। এ ছাড়া চলতি অর্থবছরে পুরো ইউনিয়নে ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৩৮ ব্যক্তিকে নগদ সহায়তা দেওয়া হয়েছে।