শ্লীলতাহানির শিকার মেয়েটির বাঁ হাতে ক্যানুলা, মুখ মলিন
শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার শিকার ১৫ বছরের কিশোরী হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে মলিন মুখে দাঁড়িয়ে ছিল। তার বাঁ হাতে ক্যানুলা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেয়েটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পিরোজপুর সদর হাসপাতালে আনা হয়। বর্তমানে সে এ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামের একদল তরুণ হোলি উৎসবে মেয়েটির ঘরের দরজা জোর করে খুলে তাঁর শ্লীলতাহানি করে। এরপর থেকে মেয়েটি অসুস্থ। এ নিয়ে গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘পিরোজপুরে রং মাখানোর ছলে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আজ বুধবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে মেয়েটিকে চুপচাপ থাকতে দেখা যায়। মেয়েটির মা বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমার মেয়ে ও আমার ভাইয়ের আট বছরের মেয়ে ঘরে ছিল। আমি ঘরে ছিলাম না। দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের একদল তরুণ রং নিয়ে আমাদের বাড়িতে আসে। ওই তরুণেরা ঘরের দরজা বাইরে থেকে ধাক্কা দিয়ে জোর করে খুলে ফেলে। এরপর আমার মেয়ের মুখে রং মাখে। আমার ভাইয়ের মেয়ের মুখ চেপে ধরে এক তরুণ। কয়েকজন তরুণ আমার মেয়ের শ্লীলতাহানি করে। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর থেকে আমার মেয়ে চুপচাপ হয়ে আছে। আমাদের মান ইজ্জত গেল। ইজ্জত তো আর পাব না। আমি এর বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘মামলা করতে আমরা চাই না। আগে মেয়ের চিকিৎসা হোক।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুম্পা মুৎসুদ্দী বলেন, ওই মেয়েটির চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্লীলতাহানির সঙ্গে জড়িত নিপু ব্যাপারী, শান্ত ঘরামি, মিঠু ব্যাপারী, জয় মণ্ডল, জয় মজুমদার, দীপ ব্যাপারীসহ ১০ থেকে ১২ তরুণ। তাঁরা মেয়েটির ঘরে জোর করে ঢুকে মেয়েটির মুখমণ্ডলে রং মেখে দেন। রং মাখার পর তরুণেরা মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে মেয়েটি তরুণদের বাধা দেয়। ক্ষুব্ধ হয়ে তরুণেরা মেয়েটিকে মারধরও করেন। পরে মেয়েটির পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান। তবে আজ বুধবার বিকেল পৌনে চারটা পর্যন্ত মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
নাজিরপুরের স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনার পরে মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বিষয়টি শুনে মেয়েটির চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত আগামীকাল বৃহস্পতিবার সকালে জানানো হবে।
আজ বুধবার দুপুরে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার পর মেয়েটির পরিবারের কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।