রাতের আঁধারে যুবককে খুন করে বাড়ির পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারুল আজিম

চট্টগ্রামের ফটিকছড়িতে আনোয়ারুল আজিম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোর্টের পাড় এলাকায় আনোয়ারুলের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ারুল আজিম ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে। আনোয়ারুল তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীতে বাস করতেন। তবে আনোয়ারুল মাঝেমধ্যেই গ্রামের বাড়িতে যাওয়া–আসা করতেন।

নিহত ব্যক্তির পরিবার ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারুলদের পারিবারিকভাবে প্রচুর জমি আছে। স্থানীয় বাজারেও তাঁদের একাধিক দোকান আছে। আনোয়ারুল তাঁদের সম্পত্তি দেখাশোনা করতেন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার কথা বলে আনোয়ারুল বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। নামাজের সময় পেরিয়ে গেলেও আনোয়ারুল বাড়ি না ফেরায় তাঁর স্বজনেরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশেই আনোয়ারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর মা। পরে আনোয়ারুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ফটিকছড়ি থানা–পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ ইবনে আনোয়ার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই ব্যক্তির মাথায়, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ নিশ্চিত করা যায়নি। তবে জমি বা সম্পত্তি নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।