২৪ ঘণ্টার ব্যবধানে নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী আরও এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা।
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাড়ির গেটের সামনে মো. ইয়াছিন (৪০) নামের নোয়াখালীর আরেক প্রবাসীকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর প্রবাসী দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।
গতকালের গুলির ঘটনা নিশ্চিত করেন নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ। তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনাটি দেখেছেন। তবে তাঁকে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি।