তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
এক্স-রে যন্ত্র বিকল ৭ বছর
চালকের অভাবে প্রায় এক বছর ধরে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নেই।
বাঁ হাতে আঘাতের ব্যথা নিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মেহের আলী (৬৫)। চিকিৎসার সুবিধার্থে মেহের আলীর হাত এক্স-রে করার পরামর্শ দেন চিকিৎসক। তবে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, হাসপাতালে এক্স-রে হবে না। এ জন্য তাঁকে বাইরে গিয়ে এক্স-রে করাতে হবে। অথচ সাত বছর ধরে অপারেটরের অভাবে পড়ে থাকতে থাকতে বিকল হয়ে আছে হাসপাতালের এক্স-রে যন্ত্রটি।
শুধু এক্স-রে যন্ত্রই নয়, চালকের অভাবে প্রায় এক বছর ধরে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। এ ছাড়া পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে অনেকটা জোড়াতালি দিয়ে। এতে সেবাবঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গিয়ে দেখা যায়, চিকিৎসক–সংকটের পাশাপাশি এক্স-রে যন্ত্র নষ্ট। অ্যাম্বুলেন্স পড়ে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। অতিরিক্ত টাকা খরচ করে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের। সেই সঙ্গে স্থানান্তর করা জরুরি রোগীদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কিংবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বেসরকারি অ্যাম্বুলেন্সের সেবা নিতে অতিক্তি টাকা খরচ করতে হচ্ছে।
দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া তিন দিকেই ভারতবেষ্টিত। এই উপজেলার জনসংখ্যা ১ লাখ ৬০ হাজার ৯০ জন। উপজেলার মানুষের চিকিৎসাসেবার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয় ১৯৮০ সালে। শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যাবিশিষ্ট থাকলেও ২০০৬ সালে তা ৫০ শয্যায় উন্নীতকরণ করে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। পরে জনবল বর্ধিতকরণসহ ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে চালু হয় ২০১১ সালে। তখন থেকেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল–সংকট লেগেই আছে। জনবলকাঠামো অনুযায়ী এখানে ১০ জন বিশেষজ্ঞসহ ২৮ জন চিকিৎসক থাকার কথা, কিন্তু চিকিৎসক আছেন মাত্র ১১ জন। এর মধ্যে সাতজন চিকিৎসকই ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে সংযুক্ত করা। নার্স ৩৫ জনের মধ্যে ৩২ জন আছেন। তৃতীয় শ্রেণির কর্মচারীর ৫৫টির পদের মধ্যে ২৪টিই শূন্য। আর চতুর্থ শ্রেণির ২৬টি পদের মধ্যে ৭টিই শূন্য। এখানে গাইনি ও প্রসূতি, শিশু, মেডিসিন, সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক নেই। একজন ডেন্টাল সার্জন থাকলেও তাঁর অন্যত্র চাকরি হওয়ায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসাসেবা নেন। এ ছাড়া প্রতিদিন গড়ে ভর্তি থাকেন অন্তত ৬০ জন রোগী। ৫০ শয্যাবিশিষ্ট হওয়ায় অনেক সময় রোগীদের বারান্দায় রেখে চিকিৎসাসেবা দিতে হয়। গত রোববার বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩৫১ জন, রোগী ভর্তি ছিলেন ৬০ জন।
২০১৬ সালের ডিসেম্বরে এক্স-রে যন্ত্র অপারেটরের বদলি হলে তখন থেকেই যন্ত্রটি পড়ে থাকতে থাকতে বিকল হয়ে গেছে। আলট্রাসনোগ্রাম যন্ত্র থাকলেও টেকনিশিয়ান নেই। জরুরি ক্ষেত্রে কর্মরত চিকিৎসকেরাই রোগীদের আলট্রাসনোগ্রাম করেন। এ ছাড়া আগের একটি অ্যাম্বুলেন্স থাকলেও জেলা শহর থেকে দূরত্ব বিবেচনায় এবং স্থানান্তর হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় ২০২২ সালের মার্চে নতুন একটি অ্যাম্বুলেন্স পায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর ওই বছরের ১৬ জুলাই অ্যাম্বুলেন্সচালক আবদুল মজিদ মারা যান। এর পর থেকে দুটি অ্যাম্বুলেন্সই গ্যারেজবন্দী। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে গরম ও অন্ধকারে বিপাকে পড়তে হয় রোগীদের। স্বল্প পরিসরে একটি আইপিএসের ব্যবস্থা থাকলেও কয়েকটি বাতি জ্বালানো ছাড়া বৈদ্যুতিক পাখা চালানো সম্ভব হয় না।
হাসপাতালে ভর্তি থাকা আব্বাস আলী (৫২) নামের একজন রোগী বলেন, রাতে গরমের মধ্যে বিদ্যুৎ চলে গেলে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। রোগীদের কষ্ট করে থাকতে হয়।
তেঁতুলিয়া উপজেলা শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মকলেছুর রহমান বলেন, সরকারি অ্যাম্বুলেন্সসেবা বন্ধ থাকায় অনেক সময় রোগীদের বেশি টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স সুবিধা নিতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘আমরা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সিভিল সার্জনের মাধ্যমে চাহিদাপত্র পাঠানো হয়েছে।’