শেরপুরের নালিতাবাড়ী
ভোগাই রক্ষা বাঁধ ঘেঁষে চলছে বালু উত্তোলন
বাঁধের পাশের জমিতে ৩০ থেকে ৪০ ফুট গর্ত করে বালু তোলা হচ্ছে। এই বালু শ্যালো মেশিন দিয়ে লম্বা পাইপের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদরক্ষা বাঁধ ঘেঁষে গভীর গর্ত খুঁড়ে বালু তোলা হচ্ছে। এতে বাঁধ ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসী বলেন, এভাবে বালু তোলায় বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষায় বাঁধ ভেঙে পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। তাঁরা বালু তোলা বন্ধ করে বাঁধ রক্ষার দাবি জানিয়েছেন।
রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘আমরা এই বালু তোলা বন্ধের জন্য কয়েকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছি। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। তবু বালু তোলা বন্ধ করা সম্ভব হচ্ছে না। এভাবে বালু উঠতে থাকলে নদীতে ঢল এলে পানিতে সব একাকার হয়ে যাবে।’
এলাকাবাসী বলেন, গত বৈশাখে ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকায় ভোগাই নদের চারটি স্থান থেকে বালু তোলার ইজারা পায় মেসার্স মুতুর্জা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। স্থানগুলো হলো তন্তর, মণ্ডলিয়াপাড়া, ফুলপুর ও নয়াবিল এলাকা। কিন্তু এসব এলাকায় নদীতে পর্যাপ্ত বালু না থাকায় মণ্ডলিয়াপাড়া এলাকায় নদী রক্ষার ৫০০ মিটার মাটির বাঁধ ঘেঁষে সমতলের জমি খুঁড়ে বালু তোলা হচ্ছে।
গত মঙ্গলবার দেখা যায়, নয়াবিল এলাকায় নাকুগাঁও স্থলবন্দরে যাতায়াতের জন্য দুই লেন সড়ক রয়েছে। সড়কটি রক্ষায় বান্দেরবাজার এলাকায় নদীর পাশে ৫০০ মিটার পাকা বাঁধ দেওয়া হয়। এই বাঁধের ১০০ মিটার পূর্ব দিকে মণ্ডলিয়াপাড়া এলাকায় ৫০০ মিটার মাটির বাঁধ রয়েছে। এই বাঁধের পাশের জমিতে ৩০ থেকে ৪০ ফুট গত করে বালু তোলা হচ্ছে। বালু তোলায় পাশে থাকা পাঁচটি পরিবারের বাড়িঘর ঝুঁকিতে পড়েছে। এই বালু শ্যালো মেশিন দিয়ে লম্বা পাইপের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে। পরে নদী থেকে সেই বালু চারটি স্থানে আলাদা আলাদা রাখা হচ্ছে।
এ সময় এলাকার লোকজন বলেন, প্রায় তিন মাস ধরে ওই মাটির বাঁধ ঘেঁষে বড় বড় গর্ত করে ১০–১২টি শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলার জন্য বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। এতে ৫০০ মিটার বাঁধের বিভিন্ন অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্ষায় পানি এলে যে কোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে এলাকা প্লাবিত হয়ে যাবে। উপজেলা প্রশাসন এখানে একাধিকবার অভিযান করেছে। কিন্তু যাওয়ার দুই-এক দিন পরই আবার সেই আগের মতো বালু তোলা হয়।
মণ্ডলিয়াপাড়া গ্রামের এক গৃহিণী বলেন, ‘যেভাবে গাঙের বান্দ ভাইঙা বালু তোলা অইতাছে। যে কোন সমু আমগর বাড়িঘর এই ভাঙাত পড়ব। ব্যবস্থা নিবার চেয়ারম্যানের কাছে কইছি। এই সুমু কয়েক দিন বন্ধ থাকলেও পরে হিবার চালু কইরা দেয়। অহন আর কী করমু?’
স্থানীয় বাসিন্দারা বলেন, ওয়াহাব আলী, নয়ন মিয়া, কবির হোসেন, মনির হোসেন এসব বালু তুলছেন। নয়ন মিয়া ছাড়া অন্য বালু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নয়ন মিয়া বলেন, তিনিসহ বালু ব্যবসায়ীরা মণ্ডলিয়াপাড়া এলাকায় টাকা দিয়ে জমি কিনে নিয়েছেন। নদীতে বালু না থাকায় তাঁরা সমতল থেকে বালু তুলছেন। এতে বাঁধের কোনো ক্ষতি হবে না।
মণ্ডলিয়াপাড়া গ্রামের এক ব্যক্তি বলেন, যেভাবে বাঁধের পাশ থেকে বড় বড় গর্ত করে বালু তোলা হয়েছে, এতে বৃষ্টি হলেই নদী রক্ষা বাঁধ ভেঙে যাবে। আর পাহাড়ি ঢল এলে পানি এলাকার বাড়িঘরে ঢুকে যাবে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। নদের তীর ভাঙনের আশঙ্কা থাকলেও বালু তোলা নিষেধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, বাঁধ ঘেঁষে বালু তোলায় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালানো হয়েছে। এরপরও যদি বালু তোলা হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।