উন্নয়নের মাধ্যমে বিএনপি-জামায়াতের মিথ্যাচারের জবাব দিয়েছে আ.লীগ: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও মসজিদের ক্ষতি হবে বলে জাতিকে ধোঁকা দিয়ে আসছিল বিএনপি-জামায়াত। উন্নয়নের মাধ্যমে তাঁদের যুগ যুগ ধরে চালিয়ে আসা মিথ্যাচারের জবাব দিয়েছে আওয়ামী লীগ। রাজধানী থেকে শুরু করে মফস্সলের জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে। কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বর্তমানে ৫০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকায় চরফরিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, গুজব ছড়িয়ে লাভ নেই। বাংলাদেশ কখনো পাকিস্তান বা শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার প্রমুখ।