দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী নানা ষড়যন্ত্রের জাল বুনছে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এই দুষ্টচক্র টার্গেট করতে পারে। এ বিষয়ে দল ও দলের বাইরের সব শ্রেণি–পেশার মানুষকে সজাগ থাকতে হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেই বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করেন।
রুহুল কবির রিজভী বলেন, কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সারা দেশে সুষ্ঠু পূজা উদ্যাপন নিশ্চিতের জন্য খোঁজখবর রাখছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে বদ্ধপরিকর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, তাঁর চাচাতো ভাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পোখরাজ এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। যখন এই ইউনিয়নে কোনো স্কুল ছিল না, তখন হিন্দু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়াতে তিনি এ উদ্যোগ নেন। অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাটসহ সব উন্নয়নকাজ শিগগিরই ত্বরান্বিত করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় সারা দেশের প্রতিটি মন্দিরে ছাত্রদলকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। রাত জেগে মন্দির পাহারা দিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে সাংগঠনিক জবাবদিহি নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্রবধূ তাহমিনা আদনান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কেপি উচ্চবিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, প্রধান শিক্ষক মো. শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নিরব) প্রমুখ বক্তব্য দেন।
পরে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্রদলকে দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি চিহ্নিত করে সংগঠন করতে হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষের কাতারে আসতে হবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকার চর্চা গড়ে তুলতে হবে।