শ্রীপুরে গ্যারেজের আড়ালে মদের ব্যবসা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওন চন্দ্র দাস (বাঁয়ে) ও সম্রাট সরকার
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের একটি গ্যারেজ থেকে দিবাগত রাতে বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়ার পাড়াগ্রামের নিরঞ্জন সরকারের ছেলে সম্রাট সরকার (৩২) ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়কীর্তন গ্রামের সাগরচন্দ্র দাসের ছেলে শাওন চন্দ্র দাস (১৮)। এর মধ্যে সম্রাট শ্রীপুরের মাওনা বাজারের তনু সাহা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। আর শাওন হলেন সম্রাটের মালিকানাধীন গ্যারেজের কর্মী।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সম্রাটের গ্যারেজে মাদক বেচাকেনা চলছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশে হুইস্কি জব্দ করা হয়। এ সময় সম্রাট ও শাওনকে গ্রেপ্তার করা হয়। মোটর গ্যারেজের ব্যবসার আড়ালে সম্রাট ও শাওন ছয় মাসের বেশি সময় ধরে শ্রীপুর ও আশপাশ এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।