শ্রীপুরে তিন খুনের ঘটনায় হওয়া মামলার প্রধান সাক্ষীর লাশ পড়ে ছিল পুকুরে
গাজীপুরের শ্রীপুরে আট বছর আগে তিনজনকে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান সাক্ষীর লাশ পাওয়া গেছে পুকুরে। উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের একটি পুকুর থেকে আজ রোববার সকালে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (৩১)। তিনি শ্রীপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। তাঁর নিজ বাড়ির পাশের পুকুরেই তাঁর লাশটি পাওয়া যায়। আজ রোববার বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এর আগে সকাল সাতটায় স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর পাঠান।
রোববার দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাচারিপাড়া গ্রামের পুকুরপাড়ে শ্রীপুর থানার পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কয়েক সদস্য। শাহজাহানের বাড়িতে মানুষের ভিড়।
পুকুরপাড়ে দাঁড়িয়ে কথা হয় হত্যার ঘটনায় করা মামলার বাদী মো. মুজিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, রোববার পুকুরে তাঁর ভাইয়ের লাশটি পাওয়া যায়। এতে পারিবারিক এত বড় বিপর্যয়ের মধ্যে আরও একটি দুঃখজনক ঘটনা যোগ হলো।
মুজিবুর রহমান আট বছর আগে হওয়া তিন খুনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ২০১৫ সালের ২৩ এপ্রিল দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে তাঁর বড় ভাই মো. শাহজাহান, মা হাসুনে বেগম (৫৫) ও বোন আরিফা খাতুনকে (২০) দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার সময় বাড়ির পাশের মিনারা বেগমের (৪৫) নলকূপের পানি দিয়ে রক্ত পরিষ্কার করছিল দুর্বৃত্তরা। এ সময় মিনারা ঘরের বাইরে বের হয়ে দুর্বৃত্তদের চিনে ফেলেন। এতে দুর্বৃত্তরা মিনারা বেগমকেও কুপিয়ে আহত করে।
ওই ঘটনায় হাসুনে বেগম, আরিফা খাতুন ও মিনারা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন শাহজাহান। আহত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি আরও বলেন, ওই তিন খুনের ঘটনায় হওয়া হত্যা মামলার আসামিরা জেল খেটে জামিনে আছেন। তাঁর ভাইয়ের লাশ পাওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও শাহজাহানের স্বজন মো. শামসুদ্দীন মিয়া প্রথম আলোকে বলেন, চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষীর লাশ পাওয়া খুবই রহস্যজনক। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।