সুদিন ফেরানোর আশা নিয়ে ২১ বছর পর ঠাকুরগাঁও রেশম কারখানা চালু
লোকসানের কারণে প্রায় ২১ বছর বন্ধ থাকার পর বেসরকারি উদ্যোগে ঠাকুরগাঁও রেশম কারখানা চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই কারখানার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, একসময় দেশ ও বিদেশে ঠাকুরগাঁওয়ের রেশম শিল্পের বেশ চাহিদা ছিল। কারখানাটি চালুর মাধ্যমে রেশমের সুদিন আবার ফিরে আসবে বলে আশা করছেন।
রেশম বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস ১৯৭৫-৭৬ সালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় ৩ দশমিক ৩৪ একর জমির ওপর এই রেশম কারখানাটি স্থাপন করে। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ১৯৮১ সালের ৩০ জুন কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ১ কোটি ৬৩ লাখ টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে। লোকসান থাকলেও কোম্পানিটি তখন ভালোই চলছিল। কিন্তু মূলধন না থাকার কথা বলে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ করে দেয় সরকার।
ওই সময় কারখানায় কর্মরত ১৩৪ স্থায়ী শ্রমিক বেকার হয়ে পড়েন। পাশাপাশি বিপাকে পড়েন আরও প্রায় পাঁচ হাজার পলুচাষি (তুঁতগাছ চাষ করেন যাঁরা)। সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেনি ঠাকুরগাঁওবাসী। বাজার না পেয়ে এ অঞ্চলের পলুচাষিদের অনেকেই চাষ কমিয়ে দিতে বাধ্য হন। এরপর বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হলেও কারখানাটি আর চালু হয়নি।
২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল কারখানাটি চালুর যৌক্তিকতা দেখিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১১ সদস্যের একটি দল ২০১৭ সালের ৩ এপ্রিল কারখানাটি পরিদর্শন করেন। তারা কারখানার যন্ত্রপাতি পরিদর্শন করে কারখানা চালুর উপযোগী কি না, তা ঘুরে দেখেন। পরবর্তী জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিমও মন্ত্রণালয়ে কারখানা চালুর যৌক্তিকতা তুলে ধরে চিঠি দেন। ২০১৯ সালের জেলা প্রশাসক সম্মেলনে তিনি বিষয়টি উপস্থাপনও করেন। পাশাপাশি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কারখানাটি চালু করার ব্যাপারে প্রদক্ষেপ নেন।
রেশম কারখানাটি চালু করার বিষয়ে ২০২১ সালের ২২ মার্চ জেলা প্রশাসকের সভা কক্ষে এক মতবিনিময় সভা হয়। সেখানে রেশম বোর্ডের তৎকালীন মহাপরিচালক মু. আবদুল হাকিম বলেন, বোর্ডের জনবল সংকট রয়েছে। যত দিন জনবল নিয়োগ না হবে, তত দিন কারখানটি চালাতে পারবেন না। এ জন্য তাঁরা মাসিক বা বার্ষিক ফি নিয়ে ব্যক্তি খাতে দিতে চান। এই আলোচনার পর স্থানীয়ভাবে কয়েকজন কারখানাটি পরিচালনার আগ্রহ দেখান। কিন্তু পরে সেই উদ্যোগ থেমে যায়। অবশেষে করাখানাটি বেসরকারি পর্যায়ে বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে রেশম বোর্ড। অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহারের জন্য ৫ বছর মেয়াদে ৮ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে কারখানা পরিচালনার সুযোগ পায় ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় গ্রুপ।
সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের রেশন কারখানার সুনাম ছিল সারাদেশে। সেই সুনামকে ফিরে আনতে কাজ করার চেষ্টা করছেন।
আজ বেলা ১১টার দিকে রেশম কারখানাটি উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ছাড়াও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মাহবুব উল হক, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত প্রমুখ বক্তব্য দেন।
রেশম বোর্ডের সহকারী পরিচালক সুলতান আলী বলেন, রেশম কারাখানাটিতে ২০টি রিলিং মেশিন, ১৬টি হ্যান্ডলুম, ২০টি পাওয়ার লুমসহ প্রায় সব যন্ত্রাংশ সচল রয়েছে।