সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাঁকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছানোর পর মন্ত্রীকে রাজধানীতে নেওয়া হবে।