শরতের বিকেলে সাতক্ষীরার বেতনার শান্ত জলে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের ঢল
শরতের বিকেলে নীল আকাশের বুকে ভাসছিল মেঘের ভেলা। নিচে বেতনা নদীর দুই পাড়ে মানুষের জমায়েত। হঠাৎ বৈঠার ছন্দে চঞ্চল হয়ে উঠল বেতনার শান্ত জল। জল কেটে কেটে নদীর বুকে ভাসতে শুরু করল একেকটি নৌকা। দুই পাড়ের মানুষের উল্লাস আর করতালিতে মুহূর্তেই মুখর হয়ে উঠল নদীর পাড়।
গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে হয়েছে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ। গ্রামবাংলার চিরায়ত এই আয়োজন উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা।
ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই নৌকাবাইচ শুরু হয় নদীর তীরবর্তী হাজীখালী গেট এলাকায়। প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগী নৌকার যাত্রা শেষ হয় সুপারিঘাটা ব্রিজ এলাকায়।
নৌকাবাইচ শেষে পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম ও দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করে। অংশ নেওয়া সব দলকেই পুরস্কৃত করা হয়।
নৌকাবাইচে ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো আশাশুনি উপজেলার দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দল, বামনডাঙা, তেঁতুলডাঙা ও টেংরাখালী। নৌকাবাইচ ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ দেখা যায়। নৌকা যত এগিয়েছে, ততই বেড়েছে দুই পাড়ের মানুষের উচ্ছ্বাস।
নৌকাবাইচ শেষে পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম ও দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করে। অংশ নেওয়া সব দলকেই পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহছান।
আয়োজকেরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ধরে রাখা ও এলাকার মানুষকে আনন্দ দিতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।