বরিশালে দুই বাসের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি বাসে সংঘর্ষের পর বিধ্বস্ত একটি বাসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর এলাকায়
ছবি: প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ জন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রিয়া এন্টারপ্রাইজ বাসটি শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।