গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় আদালতের মুহুরি নিহত
গাজীপুর সিটি করপোরেশনের মাজুখনা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন মোল্লা (৪৫)। তিনি গাজীপুরের পূবাইল থানার বসুগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। আমজাদ গাজীপুর আদালতে মুহুরির কাজ করতেন।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার থেকে টঙ্গীগামী একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ইজিবাইকের যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। একই সময়ে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানের নিচে আমজাদ হোসেন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।