প্রতিবেশী দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা, ভ্যানচালক কারাগারে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ বছর ও ছয় বছর বয়সী দুটি শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কখনো বিস্কুট আবার কখনো অন্যান্য খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এই শিশুদের নিজের ঘরে ডেকে নিয়ে যেতেন এবং একেক দিন একেক শিশুকে ধর্ষণ করতেন।
গতকাল সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশু দুটির পরিবারের অভিযোগের পর আমিনুল ইসলামকে আটক করেছে বোদা থানার পুলিশ। পরে রাতেই শিশু দুটির বাবা বাদী হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি ধর্ষণের মামলা করেন। ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আমিনুলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আমিনুল ইসলাম পেশায় ব্যাটারিচালিত ভ্যানের চালক বলে জানা গেছে।
পুলিশ, ভুক্তভোগী শিশু দুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভ্যানচালক আমিনুল ইসলাম ভুক্তভোগী শিশু দুটির প্রতিবেশী। এই শিশুদের একজন তাঁকে দাদু ও একজন ফুপা বলে ডাকত। আমিনুলের বাড়িতে এই শিশুদের বয়সী তাঁর নাতনি থাকায় শিশু দুটিও মাঝেমধ্যে সেখানে গিয়ে খেলাধুলা করত। বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে আমিনুল কখনো বিস্কুট আবার কখনো অন্য খাবারের প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে আলাদাভাবে বিভিন্ন সময়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। ঘটনার পর শিশুদের কান্না না করতে এবং পরিবারের সদস্যদের না জানাতে ভয়ভীতিও দেখাতেন তিনি।
সর্বশেষ গত শনিবার দুপুরে ছয় বছর বয়সী এক শিশুকে এবং রোববার দুপুরে একইভাবে পাঁচ বছর বয়সী অপর শিশুকে আমিনুল ধর্ষণ করেন বলে মামলার এজাহারে বলা হয়। পরে শিশু দুটির কান্নাকাটি ও অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের লোকজন তাদের জিজ্ঞাসা করলে তারা ঘটনা খুলে বলে। তাদের সঙ্গে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে জানায়।
শিশু দুটিকে চিকিৎসার জন্য গতকাল রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মাসুদ হাসান বলেন, শিশু দুটির শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরিপূর্ণ তথ্য প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করা হবে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা বলেন, অভিযুক্ত আমিনুল ইসলামকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার আদালতে শিশু দুটির জবানবন্দি নেওয়া হবে।