কুষ্টিয়ায় আইনজীবীর ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, বিক্ষোভ এলাকাবাসীর
কুষ্টিয়া শহরে মজমপুর এলাকায় আইনজীবীর ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস ওরফে তুলি (২০) নামের তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জান্নাতুলের মা শরিফা বেগম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় ওই আইনজীবীকে প্রধান আসামি করে তাঁর স্ত্রী ও স্বজনদের ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে, ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।
জান্নাতুল শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ওহিদুল মোল্লা ও শরিফা বেগম দম্পতির মেয়ে। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মামলার আসামিরা হলেন আইনজীবী মাহামুদুল হাসান ওরফে সুমন (২৯), তাঁর স্ত্রী মোছা. এশা (২২), মাহামুদুলের শ্বশুর মো. মজিবর (৫২), শাশুড়ি মোছা. দোলা (৪৬) ও আত্মীয় আনোয়ার (৪৭)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
প্রশাসনের গাফিলতি আছে। ঘটনার পর কেন পুলিশ মোবাইল, ভ্যানিটি ব্যাগ উদ্ধার করল না। ঘটনার পরপরই পুলিশ কীভাবে বলে আত্মহত্যা করেছে? সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। প্রশাসন নীরব কেন জবাব চাই।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, জান্নাতুলের সঙ্গে মাহামুদুলের প্রেম ছিল। গত মঙ্গলবার তাঁকে বাসায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জান্নাতুল ফেরদৌসকে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে শ্বাস রোধ করে হত্যা করে খাটের ওপর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখেন। আসামিরা বাদীর মেয়ের ব্যবহৃত মোবাইল, ভ্যানিটি ব্যাগ ও হত্যার আলামতগুলো সুকৌশলে সরিয়ে ফেলেন।
ঘটনার পর থেকে আইনজীবী মাহমুদুল হাসানসহ তাঁর স্ত্রী পলাতক। মাহামুদুল হাসানের দুটি মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানে জান্নাতুলের চাচা, মা ও বোন বক্তব্য দেন। মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
জান্নাতুলের চাচা শফিকুল ইসলাম বক্তব্যে বলেন, ‘প্রশাসনের গাফিলতি আছে। ঘটনার পর কেন পুলিশ মোবাইল, ভ্যানিটি ব্যাগ উদ্ধার করল না। ঘটনার পরপরই পুলিশ কীভাবে বলে আত্মহত্যা করেছে? সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। প্রশাসন নীরব কেন জবাব চাই। ঘটনার পর যখন পুলিশ যায়, ঘটনাস্থলে তখন মাহামুদুলসহ তাঁর স্বজনেরা ফ্ল্যাটে ছিল। তাহলে কেন পুলিশ তাদের হেফাজতে নেয়নি? পুলিশ আধঘণ্টা ধরে ফ্ল্যাটের মধ্যে আইনজীবীর সঙ্গে কী কথা বলে? সব জানতে চাই।’
জান্নাতুলের চাচি খাদিজা খাতুন বলেন, মরদেহের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন দেখা গেছে। কালো রক্ত জমাটবাঁধা দেখা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনো হাতে আসেনি। তরুণীর ফোনসহ অন্যান্য বিষয়ে জানা নেই। ঘটনাস্থলে পুলিশ একবার লাশ উদ্ধারের সময় গিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) ফোনকল পেয়ে মফিজ উদ্দীন লেনের গোলাম নবীর বাড়িতে যান। সেখানে তিনতলার একটি ফ্ল্যাটের ভাড়াটে আইনজীবী মাহমুদুল হাসান ওরফে সুমনের ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত অবস্থায় জান্নাতুলের নিথর দেহ উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুলের মা শরিফা বেগম জানান, মঙ্গলবার সকাল আটটার দিকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন জান্নাতুল। ওই দিন (২২ আগস্ট) তাঁর জন্মদিন ছিল। জন্মদিনে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। সন্ধ্যায় জান্নাতুলের বড় বোনের স্বামীকে আইনজীবী মাহমুদুল হাসান ফোন করে জানান, জান্নাতুল আত্মহত্যা করেছেন।