নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার হাসান
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল বুধবার বিকেলে শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় তিনি আহত হন।

মারা যাওয়া কলেজছাত্রের নাম শাহরিয়ার হাসান শিপন (২০)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। শিক্ষক দম্পতির একমাত্র ছেলে শাহরিয়ার হাসান নরসিংদী প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার শিপনের লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে শিক্ষক দম্পতি শোকে পাথর হয়ে গেছেন।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাংলা বিষয়ে প্রিটেস্ট পরীক্ষা দিয়ে কলেজ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন শাহরিয়ার হাসান। গতকাল বিকেল চারটার দিকে তিনি শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছান। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে সামনে চলে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। এতে তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন শাহরিয়ারকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় নিতে বলেন। পরে রাতেই স্বজনেরা ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, গতকাল সন্ধ্যার দিকে শাহরিয়ার হাসান নামের এক কলেজছাত্রকে তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।