চকরিয়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে অস্ত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের লাল মিয়ার দোকান এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে ছিনতাই হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করেছে।

আহত ব্যক্তিরা হলেন হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম আল হাসান, কনস্টেবল তরিকুল ও মামুন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে পুলিশ কর্মকর্তা শামীমের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন ও মাথায় তিনটি কোপ লেগেছে।  

হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, সংঘবদ্ধ লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা করেছে। পুলিশ ইতিমধ্যে ১৫ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে হারবাং ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে কনস্টেবল তরিকুল ও মামুন বরইতলী রাস্তার মাথা-পহরচাঁদা সড়কে টহলে যান। এই পুলিশ দল সড়কে রাকিব নামের এক যুবককে তল্লাশি চালাতে চাইলে তিনি পালিয়ে পাশে ঢুকে চিৎকার করেন। এতে স্থানীয় লোকজন ওই যুবকের চিৎকার শুনে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান। ওই সময় পুলিশের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নিয়ে যান তাঁরা। তাঁরা এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুনকে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে থানা ও ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ছিনতাই হওয়া শটগান আজ বুধবার সকাল ৬টায় মহছনিয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। এসআই শামীমসহ দুই কনস্টেবলকে কুপিয়ে জখমের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।