চট্টগ্রামে বাসের নিচে চাপা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনাকবলিত বাস
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি পাথরঘাটা এলাকার রূপক ভট্টাচার্যের ছেলে অভিজিৎ ভট্টাচার্য (৩৫) এবং নগরীর বায়েজিদ মীরপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাখাওয়াত সিদ্দিক (৩৪)। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ২৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ইপিজেড থেকে কক্সবাজার যাচ্ছিল। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির নিচে চাপা পড়ে ওই দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।