টেকনাফে আশ্রয়শিবির থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা আশ্রয়শিবির
ফাইল ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী আশ্রয়শিবির (ক্যাম্প-২৫) থেকে দুই কিশোরসহ পাঁচ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে আশ্রয়শিবিরের ডি-২০ ব্লকে একটি দোকানের সামনে থেকে তাঁদের অপহরণ করা হয়।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক জামাল পাশা আজ শনিবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অপহৃত রোহিঙ্গাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃত রোহিঙ্গা শরণার্থীরা হলেন আলীখালী আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-২২-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ব্লকের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আবদুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের ডি-২০ ব্লকের মাঝি (রোহিঙ্গা নেতা) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ডি-২০ ব্লকের রোহিঙ্গা রহিম উল্লাহর দোকানের সামনে বসা ছিল দুই কিশোর ও তিন যুবক। রাত আটটার দিকে মুখোশ পরিহিত ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের পাহাড়ের দিকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁরা এপিবিএন কর্মকর্তাদের জানান।

১৬ এপিবিএনের উপ-অধিনায়ক জামাল পাশা প্রথম আলোকে বলেন, অপহৃত রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আশ্রয়শিবির ও পাশের পাহাড়ে অভিযান অব্যাহত আছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, পাঁচ রোহিঙ্গাকে অপহরণের বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অপহৃত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।