লোকমান ফ্রান্সের ‘পাগলা সমর্থক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফ্রান্স ভক্ত’ লোকমান বিশ্বকাপ ফুটবল এলেই ফ্রান্সের পক্ষে সিলেট বিভাগজুড়ে প্রচারণা চালিয়ে থাকেন। আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায়
ছবি: প্রথম আলো

বিশ্বকাপ ফুটবল এলেই ফ্রান্সের জন্য আকুল হয়ে ওঠেন লোকমান হোসেন (৩৪)। ফ্রান্সের খেলোয়াড়দের প্রতি তাঁর ভালোবাসার শেষ নেই। সিলেট বিভাগজুড়ে ফ্রান্সের বিজয় কামনায় পতাকা, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগিয়ে বার্তা ছড়িয়ে দিচ্ছেন, ‘এবারও ফ্রান্সই বিশ্বকাপ জয় করবে’।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নিজের জমানো আড়াই লাখ টাকা খরচ করে পুরো সিলেট বিভাগেই বিলবোর্ড লাগিয়ে ফ্রান্স দলের হয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা পূরণ হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত ফ্রান্সই।

পেশায় ইলেকট্রিক মিস্ত্রি লোকমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মন্দিরগাঁও এলাকার প্রয়াত দরস মিয়ার ছেলে। স্ত্রী ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। তাঁকে নিয়ে ২০১৮ সালের ১৯ জুলাই প্রথম আলোতে ‘বিশ্বকাপ শেষ হলেও ফ্রান্সের জার্সি পরে আছেন লোকমান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কাতার বিশ্বকাপের সময়ও থেমে নেই লোকমান। কিছুদিন আগে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। একটু সুস্থ হয়েই ফ্রান্সের সমর্থনে মাঠে নেমেছেন লোকমান। পতাকা, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে ফ্রান্সের জন্য দোয়া চাচ্ছেন।

প্রথম প্রথম সবাই তাঁকে অন্য চোখে দেখলেও এখন সবাই তাঁকে “ফ্রান্স–ভক্ত লোকমান” হিসেবেই চেনেন।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০টি বিলবোর্ডে লোকমান হোসেনের ছবি ও নাম সংযুক্ত করে লেখা রয়েছে ‘এবারও বিশ্বকাপ যাবে ফ্রান্সের ঘরে’। স্টেশনে আসা লোকজন লোকমানের এসব বিলবোর্ড দেখছেন। অনেকে লোকমানের সঙ্গে ছবি তুলছেন।

লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সাল থেকে আমি ফ্রান্সের জন্য টাকা জমানো শুরু করি। ২০১৮ সালের বিশ্বকাপে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে আমি পুরো সিলেট বিভাগে ফ্রান্সের পতাকা, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ইত্যাদি লাগাই। গ্রামে–গঞ্জে প্রজেক্টর লাগিয়ে মানুষকে খেলা দেখার সুযোগ করে দিয়েছি। প্রথম প্রথম সবাই আমাকে অন্য চোখে দেখলেও এখন সবাই আমাকে “ফ্রান্স–ভক্ত লোকমান” হিসেবেই চেনে। ২০১৮ সালে আমি বলেছিলাম, ফ্রান্স বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। এ বছরও ফ্রান্স দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। এ বছরও বিশ্বকাপ চলে যাবে ফ্রান্সের ঘরে।’

লোকমান বলেন, ‘আমি চার-পাঁচ মাস ধরে অসুস্থ। আমার পায়ে ইনফেকশন হওয়ার কারণে পায়ের কিছু জায়গা থেকে অস্ত্রোপচার করে মাংস কেটে ফেলতে হয়েছে। এই কারণে আমি এ বছর এখানে-ওখানে তেমন দৌড়াতে পারছি না। তবুও এ বছর প্রায় ৫০ হাজার টাকার মতো খরচ করে বিভিন্ন জায়গায় বিলবোর্ড লাগাচ্ছি।’

লোকমানের এলাকার বাসিন্দা মো. আলামিন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ফ্রান্স–ভক্ত লোকমান বললে অনেকেই তাঁকে চেনেন। তাঁর মতো এমন সমর্থক ব্রাজিল-আর্জেন্টিনারও নেই। বিশ্বকাপ ফুটবল খেলা এলে তিনি ফ্রান্স নিয়ে আলাদা কিছু করেন। খেলায় ফ্রান্স জয়ী হলে তিনি নিজ উদ্যোগে লোকজন নিয়ে মিছিল বের করেন। গত বছর তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ফ্রান্স না জিতলে তিনি জার্সি খুলবেন না। ফ্রান্স বিজয়ী হওয়ার পর তিনি গা থেকে জার্সি খুলেছিলেন। ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর নিজের টাকায় তিনি মিষ্টি বিতরণ করেছিলেন। তিনি ফ্রান্সের পাগলা সমর্থক।