সড়কে মাছ ও বরফ ছিটিয়ে ‘চাঁদাবাজির’ প্রতিবাদ জানালেন জেলেরা

সড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে কিছু ইলিশ মাছ। এর পাশে মানববন্ধন করছেন স্থানীয় জেলে, আড়তদার ও এলাকাবাসী। আজ সকালে নগরের কাট্টলীর রাসমণী ঘাটেছবি: জুয়েল শীল

চট্টগ্রামে ‘চাঁদাবাজির’ প্রতিবাদে সড়কের ওপর মাছ ও বরফ ছিটিয়ে বিক্ষোভ করেছেন জেলেরা। আজ বুধবার সকালে নগরের রাসমণি ঘাট গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় আড়তদার ও বাসিন্দারও অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে প্রায় শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ শুরু করেন। সড়কের একপাশে অবস্থান নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান তাঁরা। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর মাছ ও বরফ ছিটাতে শুরু করেন। এ ছাড়া সড়কের ওপর গ্যাস সিলিন্ডারও ফেলে রাখেন।

বিক্ষুব্ধ জেলেরা বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মো. দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একটি চক্র গত ২৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রাসমণী ঘাট এলাকায় চাঁদাবাজি করছে। ঘাটে প্রতি টুকরা বরফে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা ও প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে।

কর্মসূচিতে রানি রাসমণী ইলিশ ঘাট ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জেলেদের পেশা ও জীবিকার স্বার্থে এই সমস্যা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্টদের অনুরোধ জানাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূসম্পত্তি শাখা থেকে এক অফিস আদেশে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিম পাশে অবস্থিত রাসমণী ঘাটে খাস আদায়ের জন্য দুই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাবেক যুবদল নেতা মো. দিদারুল ফেরদৌস রয়েছেন। অপরজন হলেন নগর শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন।

সড়কে বরফ, মাছ ও সিলিন্ডার ছড়িয়ে–ছিটিয়ে রেখে বিক্ষোভ করা হচ্ছে। আজ সকালে তোলা
ছবি: জুয়েল শীল

চাঁদাবাজির বিষয়ে বক্তব্য জানতে মো. দিদারুল ফেরদৌসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। জানতে চাইলে মো. আনোয়ার হোসেন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মাছ বা বরফের ওপর চাঁদা নেওয়ার অভিযোগ সত্য নয়। তাঁরা কেবল বৈধ রাজস্ব আদায় করছেন। তিনি বলেন, ‘কয়েকজন ব্যবসায়ী ইজারা না পেয়ে আমাদের বিরুদ্ধে এসব করাচ্ছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে দুপুরের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে কথা বলতে জনসংযোগ শাখায় যোগাযোগ করতে বলেন। তবে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদকে ফোন করা হলে তিনিও রিসিভ করেননি।

পরে সন্ধ্যা ছয়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিটি করপোরেশনের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে রাসমনি ঘাট চলতি ১৪৩৩ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়নি এবং উক্ত ঘাটে চলতি বাংলা সনে খাস কালেকশনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। ওই ঘাটকে কেন্দ্র করে কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গ হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।