লৌহজংয়ে মা–বাবার কবরের পাশে চিরশয্যায় সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহাকে তাঁর মা–বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে বার্ধক্যের কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্য এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান। তাঁর বাবা হামিদুর রহমান সিনহা দেশের ওষুধশিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন।
মিজানুর রহমান মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দীর্ঘদিন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২২ জানুয়ারি তিনি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাঁকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নও পান তিনি। ওই সময় মিজানুর রহমান সিনহা অসুস্থ হয়ে পড়েন। পরে দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়।
পরিবারের সদস্যরা মিজানুর রহমানকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান। সেখানেই শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। গত শনিবার রাতে তাঁর মরদেহ দেশে আনা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ধামরাইয়ে তাঁর প্রতিষ্ঠানে, রাজধানীর শ্যামলীতে তাঁর বাসভবনের সামনে এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে তাঁর মরদেহ নিজ এলাকা লৌহজংয়ের কলমায় নেওয়া হয়। পরে বেজগাঁও ঈদগাহ মাঠে আরেকটি জানাজা শেষে বিকেলে নেওয়া হয় কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে। সেখানে শেষ জানাজার পর গ্রামের বাড়িতে মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মিজানুর রহমান সিনহাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত হন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুস সালাম, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ।