আখাউড়ায় জেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে প্রভাবমুক্ত করার দাবিতে চারজন সদস্য প্রার্থীর সংবাদ সম্মেলন। আজ দুপুরে আখাউড়ায় একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) নির্বাচনকে প্রভাবমুক্ত করার দাবিতে চারজন সদস্য প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার দুপুরে আখাউড়ায় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়।

এই চার সদস্যপ্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ এবং আওয়ামী লীগ সমর্থক মো. ইয়াসিন মিয়া।

লিখিত বক্তব্যে সদস্যপ্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা ও তাঁর অনুসারীরা ভোটকেন্দ্র দখল করে তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ষড়যন্ত্র করছেন। তাঁরা ওই প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের ওপর চাপ সৃষ্টি করছেন। কোনো কোনো ভোটারকে ভোটদানের প্রমাণস্বরূপ মোবাইলে ছবি তুলে এনে দেখাতে বলছেন। এতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান প্রার্থীরা।

আমি একজন ভোটার হিসেবে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পক্ষে ভোট চাইতেই পারি। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মিথ্যা।
তাকজিল খলিফা, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

এ সময় সদস্যপ্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, একটি প্রভাবশালী মহল নির্বাচনকে প্রভাবিত করার জন্য একজন বিশেষ প্রার্থীকে আইনমন্ত্রী আনিসুল হক সমর্থন দিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক কাউকে সমর্থন দেননি। ওই প্রভাবশালী মহলটি পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, ‘আমি একজন ভোটার হিসেবে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পক্ষে ভোট চাইতেই পারি। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মিথ্যা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাঁরা এসব অভিযোগ করছেন।’

১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ৬ নম্বর ওয়ার্ডে আখাউড়া থেকে পাঁচজন সদস্যপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার ৮১ জন।