স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

গতকাল রোববার রাতে স্বামীকে বেঁধে রেখে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য রবিন চৌধুরী ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী। এ ঘটনার এখনো রবিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে রবিন চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল রোববার বিকেল চারটা পর্যন্ত রবিনের মুঠোফোন খোলা ছিল। বারবার স্থান পরিবর্তন করছিলেন তিনি। চারটার পর তিনি মুঠোফোন বন্ধ করে দেন। তবে তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

মামলায় ওই নারীর স্বামী অভিযোগ করেছেন, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর স্ত্রী কর্মস্থলে যাচ্ছিলেন। ইউপি সদস্য রবিনের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রীর গতি রোধ করেন রবিন ও তাঁর দুই সহযোগী। তাঁর স্ত্রী যেতে না চাইলে জোর করে তুলে নিয়ে রবিন তাঁর কার্যালয়ে আটকে রাখেন। বিষয়টি তাঁর স্ত্রী মুঠোফোনে তাঁকে জানানোর পর তিনি সেখানে যান। এ সময় রবিন তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা না দিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেন রবিন। স্ত্রীর স্বর্ণের কানের দুল দুটি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার আকুতি জানান তাঁরা। কিন্তু তাঁর চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ করেন রবিন।