গোদাগাড়ীর ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুর ভরাট করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে রাজশাহীর পরিবেশ আদালতে মামলা হয়েছে। সালাহ উদ্দিন বিশ্বাস নামের একজন আইনজীবী আজ বৃহস্পতিবার মামলাটি করেন। মামলায় ইউএনও ছাড়াও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, তিনি জনস্বার্থে মামলাটি করেছেন। তাঁর পক্ষে মামলাটি নথিভুক্ত করেছেন আইনজীবী রায়হান কবীর। আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি গ্রহণ করে ২২ মে শুনানির জন্য দিন ঠিক করেছেন। সেদিন পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শকের উপস্থিতিতে শুনানি হবে।

মামলার আরজিতে বলা হয়েছে, গোদাগাড়ী সদর ইউনিয়নের পরমানন্দপুর মৌজায় একটি পুকুর ভরাট করা হচ্ছে। শূন্য দশমিক ৫৮ একরের পুকুরটি ১৮৮ নম্বর জেএলের ২৮৫ নম্বর দাগে অবস্থিত। এটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। উপজেলা ভূমি অফিসের খাতার রেকর্ড অনুযায়ী, এই জমির শ্রেণি পুকুর। পরিবেশ আইন-১৯৯৫–এর বিধান অনুযায়ী, জলাশয় ভরাট নিষিদ্ধ। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমসহ আরও পাঁচ–ছয়জন ব্যক্তি পরিবেশ দূষণ ও পরিবেশের ক্ষতি সাধন করে পুকুরটি ভরাট করছেন। এতে পরিবেশ আইনের ৬(ঙ) ধারা অনুযায়ী অপরাধ সংঘটিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে মামলা করা হলো।

মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. জানে আলম বলেন, ১৫-২০ বছর আগে স্থানীয় লোকজন পুকুরটি ভরাট করে চাষাবাদ শুরু করেছিলেন। জমির একাংশে এখনো শর্ষেখেত রয়েছে। তাঁরা মুজিব বর্ষের ঘর করছেন। সে জন্য জায়গার প্রয়োজন। তাই তাঁরা মাটি ফেলে সেখানে ঘর করার মতো উপযুক্ত করছিলেন। মামলার কথা তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন।