বেলা সাড়ে ১১টা। কুয়াশার আড়মোড়া ভেঙে সূর্য তখন ঝলমল করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের সামনের মাঠের মধ্যে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। তাঁদের কেউ ব্যাংকার, কেউ গৃহিণী আবার কেউ সরকারি চাকরিজীবী। প্রায় ১৫ বছর পর একে অন্যের সঙ্গে দেখা। তাই হাসি, গান আর ঠাট্টায় তাঁরা যেন ফিরে গেছেন আবার বিশ্ববিদ্যালয়জীবনে।
আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে হাজির হয়েছেন ওই প্রাক্তন শিক্ষার্থীরা। হাদী চত্বরের সামনের মাঠের আড্ডায় মশগুল সবাই ২০০১-০২ সেশনের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স ডিসিপ্লিনের শিক্ষার্থী ছিলেন। স্নাতক শেষ করে ক্যাম্পাস ছেড়েছেন ২০০৭ সালের প্রথম দিকে। এরপর আর এভাবে আড্ডা দেওয়া হয়নি। কাজের ব্যস্ততায় দেখা হয়নি অনেকের সঙ্গে।
প্রাক্তন শিক্ষার্থী শামিমা সুলতানা এখন সপরিবার ঢাকায় থাকেন। স্বামীকে নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে। শামিমা সুলতানা বলেন, ‘এখন এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। আড্ডা দিয়ে মনে হচ্ছে আবার সেই পুরোনো দিনে ফিরে গেছি।’
একই বিভাগে পড়াশোনা করেছেন সেলিম সুলতান। বর্তমানে মৎস্য অধিদপ্তরে কর্মরত আছেন তিনি। সেলিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন সব বন্ধুর সঙ্গেই আমার কমবেশি যোগাযোগ আছে। তবে একসঙ্গে তো এভাবে বসে আর আড্ডা দেওয়া হয় না।’
এই প্রাক্তন শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এমন আড্ডার আসর বসিয়েছেন অনেকেই। আড্ডায় যুক্ত আছেন স্ত্রী, সন্তানেরাও। পুরোনো কোনো বন্ধুকে দেখলেই জড়িয়ে ধরছেন। মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন। কোনো কোনো আড্ডার স্থান থেকে ভেসে আসছিল, ‘পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...।’
সকাল থেকে এমনই আড্ডা, স্মৃতিচারণা আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৃতীয়বারের মতো ওই পুনর্মিলনীর আয়োজন করেছে। পুনর্মিলনীকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে।
পুনর্মিলনীর মূল কর্মসূচি শুরু হয় আজ সকাল ১০টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন বেলুন উড়িয়ে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য মাহমুদ হোসেন বলেন, মানুষ মাঝেমধ্যেই অতীতে হারিয়ে যায়। অতীত স্মৃতি তাঁকে আনন্দ বা বেদনা দেয়। তবে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিটা একটু ভিন্নতর। তারুণ্যদীপ্ত জীবনের সেই অতীত স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকে। মনে হয়, ফিরে যাই অতীতে। কিন্তু বাস্তবতা সত্য, তা চলমান। জীবনের এই ব্যস্ততার ভিড়েও মাঝেমধ্যে ক্যাম্পাসে ফেরা, পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখাসাক্ষাৎ হওয়া, আড্ডা-স্মৃতিচারণা, যোগাযোগ অপার আনন্দের। পুনর্মিলনী সেই সুযোগ করে দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক গোলাম রহমান। তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘যে অভীষ্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলাম, আজ তিন যুগ পর মনে হয়েছে, সেই স্বপ্নের পথে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সমৃদ্ধি আমাকে আনন্দ দেয়। আমি বারবার প্রাণের টানে ফিরে আসি স্নেহের গ্র্যাজুয়েটদের মধ্যে। খুলনা বিশ্ববিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রেজা প্রমুখ।