জামালপুরে জঙ্গল থেকে নবজাতকের লাশ টেনে আনল শিয়াল, পরে উদ্ধার
জঙ্গল থেকে একটি শিয়াল মুখে করে নবজাতকের মরদেহ টেনে রাস্তায় আনে। ওই ঘটনা দেখে আশপাশের লোকজন চিৎকার করেন। তখন মরদেহ ফেলে শিয়ালটি পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের বোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোষপাড়া এলাকায় একটি পুকুর পাড়সংলগ্ন জঙ্গল থেকে শিয়ালটি নবজাতকের মরদেহ মুখে করে রাস্তায় নিয়ে আসে। এ সময় স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে শিয়ালটিকে তাড়িয়ে দেন। ওই ঘটনা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘লোকজনের মুখে শুনে সেখানে গিয়েছিলাম। জঙ্গলে ফেলে রাখার সময় নবজাতকটি জীবিত নাকি মৃত ছিল, তা কেউ বলতে পারছে না। বিষয়টি কারও নজরে আসেনি। শিয়ালটি মরদেহটি টেনে রাস্তায় আনলে সবাই জানতে পারে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ সন্তানের জন্য কত কষ্ট করে। আর এমন নিষ্পাপ শিশুটিকে জঙ্গলে ফেলে যাওয়া সত্যিই হৃদয়বিদারক।’
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নবজাতকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। কীভাবে নবজাতকটি সেখানে এল বা কারা ফেলে গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।