রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় কারখানার কর্মী নিহত
চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় একটি সুতা কারখানার কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এস এম নুরুল আবছার (৫৫)। তাঁর বাড়ি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামে। নুরুল আবছার স্থানীয় ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আতিকুল ইসলাম আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আতিকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই এস এম নুরুল আজিম প্রথম আলোকে বলেন, তাঁর ভাই নুরুল আবছার কারখানায় রাত্রিকালীন দায়িত্ব শেষে সকালে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নুরুল আবছারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।