হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ, ছেলেসহ আটক ৪
জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জ সদর উপজেলায় এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধের ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ওই বৃদ্ধের নাম আরশেদ আলী (৬৫)। তিনি মানিকগঞ্জ সদরের চর উকিয়ারা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আটক ব্যক্তিরা হলেন ওই বৃদ্ধের ছোট ছেলে খোরশেদ আলী (৩৫), বড় ছেলের বউ সাহেরা বেগম (৩০), ছোট ছেলের বউ রুমা আক্তার (২৫) ও নাতি (বৃদ্ধের মেয়ের ছেলে) মো. আহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫-১৬ দিন আগে চর উকিয়ারা গ্রামের আরশেদ আলী তাঁর বাড়ির পাশে চর উকিয়ার জামে মসজিদের নামে ১০ শতক জমি মৌখিকভাবে দান করেন। মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে তাঁর দুই ছেলে ও ছেলের বউদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। রোববার সকালে বাড়িতে বৃদ্ধ আরশেদ আলীর সঙ্গে বড় ছেলে খবর হোসেন, ছোট খোরশেদ আলী, সৌদিপ্রবাসি বৃদ্ধের মেয়ে আসমানীর ছেলে আহাদ ও ছেলেদের বউদের ঝগড়া হয়। একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে বাড়ির সেচযন্ত্রের একটি ঘরের সামনে ছেলেরা হাতুড়ি দিয়ে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই বৃদ্ধ আরশেদ আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিবেশীরা নিহত বৃদ্ধের ছোট ছেলে খোরশেদ ও নাতি আহাদকে আটক করেন। এরপর সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরশেদ আলীর লাশ উদ্ধার করে। সেই সঙ্গে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই ছেলে, নাতি ও ছেলেদের বউরা মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই বৃদ্ধকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।