মাদারীপুরে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, আটক ১
মাদারীপুরে দুই ব্যবসায়ী ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের লঞ্চঘাট সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দলের সদস্যরা দুটি বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, মুঠোফোনসহ ৪২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে তামিম ঘরামি (২০) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরসের মালিক গোলাম নবী শিকদার ও তাঁর ভাই শিকদার জুয়েলার্সের মালিক গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে পাশাপাশি বাড়িতে বাস করেন। গতকাল রাতে দুই ভাইয়ের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ঢুকে পড়ে। পরে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মুঠোফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। পালানোর সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তামিম নামের এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ভুক্তভোগী গোলাম নবী শিকদার বলেন, ‘সাত থেকে আটজনের একটি দল বাড়িতে ঢুকেই সবার আগে বাচ্চাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বাড়ির বড়দের হাত-পা বেঁধে ওরা সব লুট করে নেয়। আমরা কিছুই করতে পারিনি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত এমন তিনজনের ব্যাপারে তথ্য দিয়েছেন আটক ওই ব্যক্তি। পুলিশ তাঁদের ধরতে কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।