ঝিনাইদহে নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাজা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা পড়ান ঝিনাইদহ জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন। জানাজার পর তাঁকে আবার হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

বার্ধক্যের কারণে আজ ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান। বেলা ১১টা ৫০ মিনিটে তাঁর লাশ ঢাকা থেকে হেলিকপ্টারে ঝিনাইদহে আনা হয়।

আরও পড়ুন

ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে লাশ নামিয়ে লাশবাহী গাড়িতে করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য সেখানে আগে তৈরি করে রাখা মঞ্চে তাঁর লাশ রাখা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমানসহ তাঁর রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে আসেন।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আবদুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

জানাজার নামাজের আগে নুরে আলম সিদ্দিকীকে গার্ড অব অনার দেওয়া হয়। বুধবার দুপুরে ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

সংসদ সদস্য আবদুল হাই বলেন, ‘নূরে আলম সিদ্দিকী ছিলেন আমাদের আলম ভাই। তাঁর মৃত্যুতে জাতি একজন তুখোড় রাজনীতিবিদকে হারাল। এই ক্ষতি অপূরণীয়।’
জোহরের নামাজের পর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। পরে তাঁর জানাজা শুরু হয়। বেলা পৌনে তিনটায় হেলিকপ্টারে করে তাঁর লাশ আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলেমেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে তাহজীব আলম সিদ্দিকী বর্তমানে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের সরকারদলীয় সংসদ সদস্য।