হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দোকানে বসে থাকা এক বৃদ্ধকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধের নাম মো. জামাল উদ্দিন। তিনি ঘোষকামতা গ্রামেরই বাসিন্দা। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলির ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মো. জামাল উদ্দিন তাঁর বাড়ির পাশের চায়ের দোকানটিতে বসে ছিলেন। এ সময় মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসেই তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। বাঁ হাঁটু ও ঊরুতে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মো. জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। স্থানীয় নাটেশ্বর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক ছিলেন তিনি। তা নিয়ে এলাকায় সম্প্রতি পোস্টারও সাঁটানো হয়। গুলির ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, দিবাগত রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গতকাল রাত একটার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, ওই বৃদ্ধ একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে পালিয়ে যান। ওসি আরও বলেন, ‘কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’