কক্সবাজারে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দলবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামি। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

কক্সবাজার সদর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলশিক্ষিকাকে (২৫) দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মামলার প্রধান অভিযুক্ত উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনুছঘোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), তাঁর দুই সহযোগী একই ইউনিয়নের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) ও পাশের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. বেলাল উদ্দিন (২২)।

আরও পড়ুন
অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ওই স্কুলশিক্ষিকাকে তিনজন তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণে সহায়তা করেন আরও একজন।

র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, ১৮ আগস্ট রাতে পিএমখালীতে একটি পারিবারিক অনুষ্ঠানে ভুক্তভোগীর সঙ্গে মামলার প্রধান আসামি বেদার মিয়ার পরিচয় হয়। ১৯ আগস্ট সকালে চান্দের পাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় আটকে রেখে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ করেন বেদার মিয়াসহ তিনজন। এ ঘটনায় ২৩ আগস্ট ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় বেদার মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মো. বিল্লাল উদ্দিন আরও বলেন, মামলা করার পর র‍্যাব আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার তিন আসামি র‍্যাবের জিজ্ঞাসাবাদে স্কুলশিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটা পর্যন্ত গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়নি। তাঁদের হস্তান্তর করার পর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর রিমান্ডের জন্য আদালতে আবেদন করবে পুলিশ।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, ১৮ আগস্ট রাতে ভুক্তভোগী শিক্ষিকা পিএমখালীর মালিপাড়ায় তাঁর ভাগনির মেহেদির অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরের দিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বেদার মিয়া ও তাঁর তিন সহযোগী ইজিবাইকের গতি রোধ করেন এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে পিএমখালীর চান্দের পাড়ার আল বয়ান ইনস্টিটিউটের সামনে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যান। সেখানে তাঁকে তিনজন ধর্ষণ করেন। একজন ধর্ষণে সহায়তা করেন। একপর্যায়ে ওই শিক্ষিকাকে সেখানে ফেলে রেখে চারজন পালিয়ে যান।