বাগমারায় কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষক আবুল কালামকে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ দাবি জানান তাঁরা।
হামলায় আহত হয়ে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে আবুল কালাম মারা যান। তাঁর বাড়ি উপজেলার বড় বিহানালী গ্রামের বেড়াবাড়ি গ্রামে। পুলিশ বলছে, ওই কৃষকের মৃত্যুর আগে হওয়া মামলায় আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ আগস্ট উপজেলার বড় বিহানালী উচ্চবিদ্যালয়ের গণটিকাকেন্দ্রে টিকা দিতে যান কৃষক আবুল কালাম। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া খালিশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন ওরফে হিরু ও তাঁর ছেলে সেলিম আবুল কালামকে ধরে মাঠে নিয়ে যান। এরপর বিদ্যালয়ের মাঠেই লোকজনের সামনে হাতুড়ি ও লোহার রড দিয়ে তাঁকে পেটান। একপর্যায়ে হামলাকারীরা আবুল কালামকে একটি করাতকলে নিয়ে যান। সেখানে তাঁকে দ্বিতীয় দফা পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে যান হামলাকারীরা। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে দীর্ঘদিন থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার পথেই তিনি মারা যান।
আবুল কালামের ভাই আবদুল মালেক অভিযোগ করেন, হামলার পর তিনি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। তিনি বলেন, টিকাকেন্দ্রে শত শত লোকজনের সামনে তাঁর ভাইকে পেটানো হলেও কেউ এগিয়ে আসেনি।
এদিকে মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে এলাকায় মাইকিং করে। এরপর লাশ সামনে নিয়ে মানববন্ধন করেন তাঁরা। বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন বলেন, যেভাবে দফায় দফায় হামলা চালিয়ে আবুল কালামকে মেরে ফেলা হয়েছে, তা মধ্যযুগকেও হার মানায়। চিকিৎসা দিয়েও তাঁকে বাঁচানো যায়নি।
অভিযোগের বিষয়ে মামলার আসামি মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মারপিট করেছি, এটা সত্য, তবে তাঁদের কোনো হুমকি-ধমকি দিচ্ছি না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, আগে করা মামলার সঙ্গে খুনের অভিযোগে ৩০২ ধারা যুক্ত হবে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। তিনি জানান, ঘটনার পর মামলা হলে আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।