৯৯৯-এ ফোন, উড়ালসড়কে পড়ে থাকা লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মাথায় আঘাত রয়েছে।

উড়ালসড়কটি নগরের খুলশী থানাধীন। থানার উপপরিদর্শক (এসআই) ইখলাসুর রহমান প্রথম আলোকে জানান, রাত ৮টার দিকে ৯৯৯-এ ফোন করে লাশ পড়ে থাকার খবরটি জানানো হয়। পরে উড়ালসড়কে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি সড়কে পড়ে আছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৪৫ বছর হবে।

ইখলাসুর রহমান বলেন, নিহতের পকেটে ৭০ টাকার মতো পাওয়া গেছে। আর কিছু ছিল না। আগেও এই এলাকায় নিহত ব্যক্তিটিকে কয়েকবার দেখা গেছে। পথেই থাকতেন তিনি। মানুষের কাছ থেকে টাকাপয়সা খুঁজতেন। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শেষ করা হবে।