ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরের সালথায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মো. মতিউর রহমান মোল্লা ওরফে তারা (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্ধ্যার পর সালথা থানা-পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান।
মতিউরের ভাই ওলিয়ার রহমান প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে তাঁর ভাইকে নানাভাবে হয়রানি করে আসছিলেন প্রতিবেশী মো. সজল মোল্লা এবং তাঁর ঘনিষ্ঠ ইলিয়াস মোল্লা ও দেলোয়ার মোল্লা। আজ সকালে তাঁদের একটি ছাগল সজলদের একটি মেহগনিগাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে সজল তাঁর সহযোগীদের নিয়ে মতিউরসহ পরিবারের সদস্যদের গালাগালি করেন। এ সময় তাঁরা প্রতিবাদ করলে মতিউরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সালথা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সালথা থানার পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঘুষাঘুষিতে মতিউর ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী মতিউরকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সজল মোল্লার সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।
সালথা থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন বলেন, নিহত মতিউরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সালথা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।