জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবসংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটনা।

পুকুরে পড়ে মারা যাওয়া শিশুদের মধ্যে মো. রায়হান (৭) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের কর্মচারী জাকির হোসেনের ছেলে এবং মারুফ হোসেন (৮) পান বিক্রেতা বিল্লাল হোসেনের ছেলে। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র। তারা ক্যাম্পাসের পাশের ইসলামনগর গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করত।

জানা যায়, আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবসংলগ্ন পুকুরে কয়েকজন শিশু গোসল করতে নামে। এদের মধ্যে রায়হান ও মারুফ ডুবে গেলে বাকি শিশুরা পুকুরের আশপাশে থাকা লোকজনকে জানায়। তাদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্বার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরেজমিনে দেখা যায়, ইসলামনগর বাজার থেকে ২০০ মিটার ভেতরে নিহত মারুফের লাশ তার বাড়ির সামনে উঠানে চাদর মুড়ি দিয়ে রাখা হয়েছে। পাশে তার মা-বাবা ও স্বজনেরা আহাজারি করছেন।

নিহত শিশু রায়হানের চাচা কামাল হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, তাঁর ভাতিজা (ভাইয়ের ছেলে) সকালে ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে তারা ফুটবল খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়। পরে তাদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্বার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে তারা মারা যায়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ান বলেন, বেলা সোয়া তিনটার দিকে পানিতে ডোবা দুই শিশুকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। প্রাথমিক পর্যবেক্ষণ করে বুঝতে পারি তারা আরও আগেই মারা গেছে।

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি খবর পেয়ে নিহত শিশুদের বাড়ি গিয়েছিলাম। তারা এখানকার স্থানীয় নয়। লাশ যার যার গ্রামের বাড়ি নিয়ে যাবে। আমরা তাঁদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি।’