৫১ লাখ টাকার সিগারেট আর আইফোন নিয়ে আসছিলেন তাঁরা, বিমানবন্দরে ধরা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকালে অবতরণ করে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। তাতে ছিলেন ফেনীর বাসিন্দা মঈনুল আবদিন, আবদুল মান্নান ও নুরুল আলম। তবে বিমানবন্দর পার হতেই তল্লাশির মুখে পড়েন তাঁরা। তল্লাশির পর তাঁদের কাছ থেকে ৫১ লাখ টাকা মূল্যে সিগারেট আর আইফোন জব্দ করা হয়।
আজ সোমবার ৯টা ২০ মিনিটে গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের এই তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। ১৩টি আইফোনের মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। সব মিলিয়ে ৫১ লাখ ৪ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসব সিগারেট ও আইফোন জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে নজরদারি অব্যাহত থাকবে।